প্রেসক্লাবের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুমোদিত কমিটি না থাকা সত্ত্বেও ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রসঙ্গে বিবৃতি দেওয়াসহ বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধের ভাস্কর্যের পক্ষের আন্দোলনের বিরোধিতা করে সম্প্রতি প্রেসক্লাব কমিটির ভুয়া নামে বিবৃতি দেওয়াসহ বিভিন্ন প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ে শিবিরপন্থী সাংবাদিক ও প্রেসক্লাবের আহ্বায়ক দাবি করা আবু তাহের মো. সাত্তার ওরফে তাহের টোটনের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। ওই দিন শিক্ষার্থীরা আবু তাহেরসহ শিবিরের সব সাংবাদিককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। বিভিন্ন বিতর্কিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীরা দ্রুত প্রেসক্লাবের অনুমোদনবিহীন তথাকথিত এ কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময়সীমা বেঁধে দেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল প্রক্টরিয়াল কমিটির এক সভায় প্রেসক্লাবের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হয়। প্রক্টরিয়াল কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, অনুমোদিত কমিটি না থাকা ও সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে অস্থিরতা বিরাজ করায় প্রেসক্লাবের কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুমোদিত কমিটি গঠন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রশাসনের আওতাধীন থাকবে।