প্রেসক্লাবের নতুন কমিটির ওপর প্রথমে নিষেধাজ্ঞা পরে স্থগিত
জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের ওপর গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে তিন মাস আগে প্রেসক্লাবের একাংশের সাধারণ সভায় নতুন এ কমিটি গঠিত হয়। তখন কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমদের নেতৃত্বাধীন আগের
কমিটি আদালতে যায়। তাদের একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের একক হাইকোর্ট
বেঞ্চ গতকাল নতুন কমিটির কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন।
হাইকোর্টের ওই আদেশের পরপরই নতুন কমিটি আপিল বিভাগের চেম্বার আদালতে যান। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।
প্রেসক্লাব সূত্র জানায়, এর আগে কামাল উদ্দিন-আবদাল আহমদের নেতৃত্বাধীন আগের কমিটি নতুন কমিটির ওপর নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে আবেদন করেছিল। সেখানে নিষেধাজ্ঞা না পেয়ে গত বুধবার তারা হাইকোর্টে দেওয়ানি রিভিশন আবেদন করে। হাইকোর্টে তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। শুনানি শেষে হাইকোর্ট ছয় মাসের নিষেধাজ্ঞা ও রুল দেন। এর পরপরই নতুন কমিটি আপিল বিভাগে যায়।