প্রেসক্লাবের ফটক আটকে ১৬ জন আটক

আলোচনা সভা শেষে বের হওয়ার সময় গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ফটক থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল বিকেলে প্রেসক্লাবের দুটি লাউঞ্জে ‘সম্মিলিত পেশাজীবী ফোরাম’ ও ‘জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ’ নামে দুটি সংগঠনের আলোচনা সভা ছিল। মূলত বিএনপি-জামায়াতপন্থী পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী ফোরামের আলোচনার বিষয় ছিল ‘অন্তর্বর্তী সরকার: প্রস্তাবনা ও বিশ্লেষণ’। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। অন্যদিকে মুক্তিযোদ্ধা পরিষদের আলোচনা সভায় অংশ নেন বিএনপির নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপার নেতা শফিউল আলম প্রধান প্রমুখ।
বিকেল পাঁচটার দিকে দুটি অনুষ্ঠানই শেষ হয়। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই প্রেসক্লাবের তিনটি ফটকের সামনে অবস্থান নেয় পুলিশের কয়েকটি দল। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় জামায়াত-শিবির সন্দেহে ১৬ জনকে আটক করা হয়।
রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রেসক্লাব থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। কোন অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হলো জানতে চাইলে ওসি বলেন, এই মুহূর্তে এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না।
ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা জানান, আলোচনা সভার নামে জামায়াত-শিবিরের সভা চলছে—এ তথ্যের ভিত্তিতেই তাঁরা প্রেসক্লাবের ফটকে এসেছেন। কিন্তু জাতীয় প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় পুলিশ ক্লাবের ভেতরে না ঢুকে তিন ফটকে অবস্থান নেয়।