প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত
পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত ‘জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম’।
ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের ডাকে গতকাল রোববার প্রেসক্লাব চত্বরে অনশন কর্মসূচি চলাকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের সঙ্গে সাংবাদিক নেতা শাবান মাহমুদ ও তরুণ তপন চক্রবর্তীর যৌথ বৈঠক হয়। যৌথ আলোচনায় প্রেসক্লাব কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে সদস্যপদ দেওয়ার ঘোষণা দিলে আন্দোলন এক মাসের জন্য মুলতবি করা হয়।
জানতে চাইলে সৈয়দ আবদাল আহমেদ প্রথম আলোকে বলেন, প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী সভায় সদস্যপদ দেওয়ার জন্য আলোচনা হবে। সদস্যপদ দেওয়ার জন্য প্রক্রিয়াও চলছে। এ জন্য তাঁদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ করা হয়েছে।