প্রেসক্লাবের সভাপতিকে নাসিম ওসমানের দেখে নেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদসহ কয়েকজন সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে মারার জন্য তেড়ে গেছেন জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল একাধিকবার চেষ্টা করে সাংসদকে নিবৃত করেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ওই ঘটনা ঘটে। এর আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নাসিম ওসমান বলেন, ‘বাঘে-মহিষে লড়াই হয়। বাঘে-বিড়ালে নয়। মেয়র আইভী তো বিড়ালের বাচ্চা।’ তিনি সাংবাদিকদের ‘রাবিশ’, ‘দোকানদার’ বলে আখ্যায়িত করেন। তিনি প্রথম আলোরও সমালোচনা করেন।পরে বিকেলে হালিম আজাদ সংবাদ সম্মেলন করে বলেন, প্রেসক্লাবের সভাপতি হিসেবে তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য। গতকাল সভায় তাঁর আসনের দুটি আসন পরে ছিল নাসিম ওসমানের আসন। জেলা প্রশাসক সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ান। এ সময় নাসিম ওসমান তাঁকে বলেন, ‘রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলার তুই কে? তোদের কয়েকজন সাংবাদিকের তালিকা করেছি। তোরা কীভাবে নারায়ণগঞ্জে থাকিস দেখে নেব।’