প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুটি নালিশি মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জাতীয় প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামলাটি করেন। মামলা দুটির একটিতে ৩৮ লাখ ২৪ হাজার ৩০০ টাকা, অপরটিতে ৪ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আদালত দুটি মামলায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার তদন্ত করে আগামী ১৮ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।

মামলা সম্পর্কে সৈয়দ আবদাল আহমেদ বলেন, এটা দুরভিসন্ধিমূলক। এর পেছনে বর্তমান কমিটির অন্য উদ্দে​শ্য আছে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এ অভিযোগ ভিত্তিহীন। আমি এ ধরনের কোনো কাজ করিনি। তা ছাড়া আমার বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ প্রেসক্লাবে চলে একটি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। এ কারণে মামলা হলে কমিটির বিরুদ্ধে হওয়া উচিত।’ আবদাল আহমেদ বলেন, চলতি বছরের ডিসে​ম্বরে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্ভবত বর্তমান কমিটি এই মামলার মাধ্যমে নির্বাচন না দেওয়ার ব্যাপারে কোনো উপায় খুঁজছে।

মামলায় অভিযোগ করা হয়, প্রেসক্লাবের বার্ষিক হিসাব-নিকাশের সময় দেখা যায়, ২০১৩ থেকে গত বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে প্রেসক্লাবের হল রুম ভাড়া, ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন, প্রেসক্লাবের কনফারেন্স রুমের ভাড়া হিসাব শাখায় জমা না দিয়ে নিজেই তা আত্মসাৎ করেন। প্রেসক্লাবের আয়-ব্যয় হিসাব–নিকাশ করতে জি কিবরিয়া অ্যান্ড কোং নামের একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়। বার্ষিক অডিট প্রতিবেদন পাওয়ার পর বিবাদীকে ওই অর্থ দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তা না দেওয়ার প্রেসক্লাব এই মামলা করার সিদ্ধান্ত নেয়।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ। তাঁকে সহায়তা করেন ওমর ফারুক ও শরিফুল হক ভূঁইয়া।