প্রেসক্লাবের সামনে থেকে জামায়াতের ১৪ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জামায়াতে ইসলামীর ১৪ জন কর্মীকে আটক করেছে পুলিশ। একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার পর সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মাওলানা আবুল কালাম, বোরহান উদ্দিন, রোকন উদ্দিন আহমেদ, আমিন হোসেন, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম চৌধুরী, ফজলুল হক শামীম, আবুল কালাম আজাদ, ইউসুফ আলী, সোহেল, মিলন ও মোস্তফা কামাল। অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আটক করা লোকজনকে শাহবাগ থানায় আনা হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠান ছিল। সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে ‘অন্তর্বর্তীকালীন সরকার: প্রস্তাবনা ও বিশ্লেষণ’—শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আ ব ম সোলায়মান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এতে অতিথি ছিলেন রুহুল আমিন গাজী ও এহসানুল ইসলাম মিলন। এই অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান তাঁদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।