রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ১০টি সংগঠন রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে।
এসব কর্মসূচি থেকে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবি এবং গণহত্যা বন্ধে জাতিসংঘে প্রস্তাব তোলার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ জনদল নামে একটি সংগঠনের মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সরকার কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। তিনি বলেন, দেশে চালের মজুত নেই, চালের সংকট। অথচ প্রধানমন্ত্রী বলছেন ১১ লাখ লোককে খাওয়াবেন। রোহিঙ্গাদের জন্য পাঠানো বিএনপির ত্রাণ আটকে দেওয়ার সমালোচনা করেন মান্না।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা অং সান সু চির কুশপুত্তলিকা পোড়ায়।
নাগরিক পরিষদ নামের সংগঠনের মানববন্ধনে বক্তারা মিয়ানমারের রাখাইন রাজ্য জাতিসংঘের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তোলেন।
রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে হাজির হওয়া সংগঠনগুলোর নেতা-কর্মীদের হাতে ছিল নানা বক্তব্য লেখা পোস্টার ও প্ল্যাকার্ড। টুটুল নামের এক ব্যক্তি শরীরে লাল রঙে লিখেন, ‘রোহিঙ্গা হত্যা বন্ধ করুন’।
বাংলাদেশ গারো সম-অধিকার সংস্থার সমাবেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা ও বাসস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল, চাঁদপুর জেলার তারেক জিয়া সাইবার ফোর্স, জাতীয় সাম্যবাদী দল-এনসিপি, জাতীয় মানবাধিকার সোসাইটি, বিকস শিক্ষা পরিবারসহ আরও কয়েকটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ করে।