প্রেসক্লাবের সামনে বেকার নার্সদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করা হয়। পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে সরাসরি নিয়োগসহ বিভিন্ন দাবিতে বেকার নার্সরা এ কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে বেকার নার্সরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বেলা দুইটা থেকে তাঁরা প্রেসক্লাবের সামনের এক পাশের সড়ক অবরোধ করেন। এ কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা দাবি করেছেন, আজই তাঁরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয়ে থাকায় তাঁরা আজই তাঁর কাছে যেতে চান। তাঁরা অভিযোগ করেন, দাবি পূরণে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দেওয়া আশ্বাসের কোনো প্রতিফলন তাঁরা দেখছেন না।