প্রেসক্লাবের সামনে সড়ক আটকে দুই সংগঠনের কর্মসূচি
সড়ক বন্ধ করে আবারও মিছিল-সমাবেশ করেছে ক্ষমতাসীন দলের সমর্থক আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ দুই দলের মিছিল ও সমাবেশের কারণে ওই এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে। বিশেষ করে বিকেল পাঁচটায় অফিস ছুটি হওয়ার পর ঘরমুখী মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দুর্ভোগ পোহান।গতকাল বিকেল পৌনে চারটায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিল করতে করতে সাড়ে চারটায় প্রেসক্লাবের সামনে জমায়েত হয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা। প্রায় এক ঘণ্টা সমাবেশ করার পর সংগঠনের নেতারা সালাউদ্দিন কাদের চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে। এ সময় আগুন দেখে প্রেসক্লাবের সামনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীদের অনেকেই প্রেসক্লাবের মধ্যে ঢুকে পড়েন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা লীগের সভাপতি এ এ মজিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান দুর্জয় ও সম্পাদক জুয়েল রায়হান। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।এদিকে বিকেল তিনটায় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফার সভাপতিত্বে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ। তারেক রহমানের মামলা প্রত্যাহার ও কোকোর গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এ বিষয়ে প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশের একজন উপপরিদর্শক প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতাদের সমাবেশ করতে আমরা বাধা দিয়েছি, তাঁরা বেশিক্ষণ অবস্থান নিতে পারেননি। কিন্তু প্রজন্ম লীগ সরকারদলীয় হওয়ায় নেতা-কর্মীরা পুলিশের কথা শোনেনি। রাস্তার এক পাশ পুরো খালি রেখে গাড়ি চলাচলের স্থানে দাঁড়িয়ে তাঁরা এ সমাবেশ করেন।