প্র্রবেশমুখে তল্লাশির নামে বাড়াবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার বাড়াবাড়িতে নাকাল হতে হয়েছে মানুষকে। রাজধানীর প্রবেশমুখগুলোতে পুলিশের সঙ্গে লাঠিসোঁটা হাতে ছিল সরকারদলীয় কর্মীরাও। বিরোধী দল কর্মসূচি পালনের ঘোষণা দিলেও লাঠির মাথায় পতাকা বেঁধে নগরজুড়ে মিছিল, সমাবেশ ও সংগীতানুষ্ঠান করেছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। রাজধানীর ভেতরে ও প্রবেশমুখে বিভিন্ন জায়গায় প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা হয়রানির অনেকগুলো ঘটনা দেখেছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ‘ঢাকা অভিমুখে গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রোববার রাজধানী ছিল সারা দেশ থেকে বিচ্ছিন্ন। গত শনিবার থেকেই ঢাকামুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পরও গতকাল রাজধানীর প্রবেশপথগুলোতে ছিল পুলিশের উদ্ধত অবস্থান। শহরতলি থেকে রাজধানীর ভেতরে ঢুকতে পারেনি মানুষ। ফিরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মীবাহী স্টাফ বাসগুলোকেও।
রাজধানীর মতিঝিল, পল্টন, নয়াপল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, শাহবাগ, রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, মহাখালী, বনানী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় চৌকি বসিয়ে মানুষ ও যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। সকাল থেকেই পুলিশ-র‌্যাবের ঘেরাওয়ে অবরুদ্ধ ছিল নয়াপল্টনের বিএনপির কার্যালয় ও গুলশানে খালেদা জিয়ার বাসভবন।
বুড়িগঙ্গা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেতুতে পুলিশ তিন স্তরে প্রতিরোধ তৈরি করে। ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
গতকাল বিকেল পর্যন্ত ঢাকায় কোনো ট্রেন আসেনি। তবে সাড়ে ১১টায় ভৈরব-ময়মনসিংহ গন্তব্যের ঈশা খাঁ এবং সাড়ে ১২টায় কিশোরগঞ্জ গন্তব্যের কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে গেছে। ট্রেন দুটিতে যাত্রীর সংখ্যা তেমন ছিল না।
গাবতলী: কেরানীগঞ্জের আঁটিবাজারের বাসিন্দা রমিজ উদ্দীনের দোকান রয়েছে মিরপুর-১ নম্বরে। তিনি মোটরসাইকেলে বছিলা ও বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু (বাবুবাজার) হয়ে দুই দফায় চেষ্টা করে ঢাকায় ঢুকতে ব্যর্থ হন। তৃতীয় দফায় তিনি আমিনবাজার হয়ে ঢাকার ঢোকার চেষ্টা করেন। তখন ঢাকা জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) তাঁকে আটকে দেয়। তিনি অনুরোধ করেন, দোকানের চাবি তাঁর কাছে। কর্মীরা এসে দাঁড়িয়ে রয়েছেন। তারপর তাঁকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে বাড়ি ফেরত পাঠিয়ে দেয় পুলিশ।
গাবতলী দিয়ে গতকাল দিনভর কোনো বাসই ঢোকেনি। গাবতলী সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পুলিশ ও র‌্যাব চারটি তল্লাশি চৌকি বসায়। তারা রিকশাযাত্রী, পথচারী ও মোটরসাইকেল আরোহীদেরও তল্লাশি করে শহরে ঢুকতে দেয়। এমনকি অ্যাম্বুলেন্সেও তল্লাশি চালানো হয়। ওষুধ, পোশাক কারখানার ট্রাক-কাভার্ড ভ্যানেও তল্লাশি চালানো হয়। সকাল সাড়ে আটটার দিকে সাভার-ধামরাই থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সোনালী ব্যাংকের মতিঝিলে প্রধান কার্যালয়ে যাওয়ার সময় সাভারের হেমায়েতপুরে দুটি বাস আটকে দেন পুলিশ ও আ.লীগের নেতা-কর্মীরা।
লাঠিসোঁটা হাতে থাকা নেতা-কর্মীরা চালকদের বলেন, ‘অফিস করতে হবে না, সরকারি অফিস সরকার দেখবে।’ এরপর দুটি বাসই ঘুরে চলে যায়। গাবতলীতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে পুলিশ। পাশাপাশি সেখানে অবস্থান নেন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা।
টঙ্গী: টঙ্গীর স্টেশন রোড ও চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আড়াআড়িভাবে গাড়ি ফেলে রেখে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। তল্লাশির নামে অ্যাম্বুলেন্স থেকেও রোগী ও যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। সকাল নয়টার দিকে গাজীপুর জেলা পুলিশ সুপার আবদুল বাতেন স্টেশন রোডে পুলিশের অবরোধ পরিদর্শন করেন। তিনি রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদেরও তল্লাশির নির্দেশ দেন। সকালের দিকে উত্তরা থেকে শহরমুখী বাস চলেনি বললেই চলে। আর আবদুল্লাহপুর পয়েন্ট দিয়ে কোনো যাত্রীবাহী বাস ঢুকতে দেওয়া হয়নি। কিছু অটোরিকশা, কার ও মাইক্রোবাসে তল্লাশির পর শহরে ঢুকতে দেওয়া হয়েছে।
বেলা একটার দিকে আবদুল্লাহপুর মোড়ে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী-কাঁচপুর: রাজধানীর পূর্বাঞ্চলীয় প্রবেশপথ কাঁচপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা, এমনকি ব্যক্তিগত গাড়িগুলোকেও আটকে দেয় পুলিশ। সায়েদাবাদ, যাত্রাবাড়ী মোড়, শনির আখড়া, সাইনবোর্ড, কাঁচপুরসহ পুরো এলাকায় গতকাল দিনভর পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছিলেন। মাঝেমধ্যে টহল দিয়েছেন সেনাসদস্যরা। সকাল আটটার দিকে সাইনবোর্ড এলাকায় সাধারণ মানুষের হাতের ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। আবদুল জব্বার নামের এক দিনমজুর বলেন, তাঁরা দিন এনে দিন খান। তাঁদের হেঁটেও যেতে দিতেও বাধা দিচ্ছে পুলিশ।
বেলা একটার দিকে জয়কালী মন্দির সড়কের শেরেবাংলা নগর স্কুলের কাছে বিএনপি একটি মিছিল বের করলে আগে থেকেই হাটখোলা ফলের দোকানের সামনে অবস্থান নেওয়া আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া দেন।
রামপুরা-মালিবাগ: মগবাজার, মালিবাগ ও রামপুরায় গণপরিবহন ছিল না বললেই চলে। বেলা সোয়া ১১টার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষে মনসুর নামের এক শিবির কর্মী নিহত হন। সংঘর্ষের পর রামপুরা ও মালিবাগ এলাকার রাস্তা একেবারেই ফাঁকা হয়ে যায়।
নগরজুড়ে আওয়ামী লীগের লাঠিমিছিল-অবস্থান: গতকাল ভোর থেকেই লাঠির মাথায় পতাকা বেঁধে, হকিস্টিক, ক্রিকেট স্টাম্পসহ খালি হাতে মাঠে নামেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। যৌথ বাহিনীর পাশাপাশি তাঁরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। গাবতলীতে মিছিল-সমাবেশ করে যুবলীগ।
অফিসগামী লোকজনকে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, তাঁদের নিরাপত্তার কথা ভেবে আসতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আমার জানামতে, কোনো নেতা-কর্মী এখন পর্যন্ত কোথাও কাউকে আঘাত করেনি। আইন ভঙ্গ করলে সেটি দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু অরাজকতা করলে তার জবাব দেব আমরা।’
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর একাধিক প্রতিবেদক, কেরানীগঞ্জ (ঢাকা) ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি)