প্রয়াত উপাচার্যের কবরের নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য আবু ইউসুফের কবরের একটি অংশ ও নামফলক গতকাল সোমবার সকালে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে মরহুমের কবরে দেওয়া পুষ্পস্তবকও পুড়িয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসিম হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্তকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ প্রয়াত উপাচার্যের স্বজন ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হামিদ হাসান মুঠোফোনে বলেন, ‘আমরা কবর জিয়ারত করেছি এবং পুষ্পস্তবক দিয়েছি। কিন্তু দুপুরে এসে দেখি, কবরের নামফলক ও একটি অংশ কে বা কারা ভেঙে দিয়েছে।’গতকাল ছিল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রবীণ এই শিক্ষকের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলা অনুষদের ডিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক দেয়।