প্রয়াত চার প্রতিষ্ঠাতাকে স্মরণ করেছে আসক
গান, কবিতা আর স্মৃতিচারণার মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা নয় সদস্যের মধ্যে প্রয়াত চারজনকে স্মরণ করল মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে গতকাল মঙ্গলবার আসক এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। আসকের প্রয়াত চার প্রতিষ্ঠাতা সদস্য হলেন: সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, মানবাধিকারকর্মী ও আইনজীবী সালমা সোবহান, বিচারপতি কে এম সোবহান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল খালেক।
প্রয়াত চার প্রতিষ্ঠাতার স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাগত বক্তব্যে বলেন, ‘দেশে এখনো সবার মধ্যে মানবাধিকারের সামগ্রিক চেতনা তৈরি হয়নি। সামাজিক-রাষ্ট্রীয়ভাবে মানবাধিকারের সংস্কৃতি আমরা সব সময় টের পাই না, বরং বিপরীত স্রোতকে অনেক বেশি দেখি। আইন ও সালিশ কেন্দ্র এই বিপরীত স্রোতের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার সাধনা করে চলেছে, অতন্দ্র প্রহরীর মতো মানবাধিকারের চেতনাকে সমুন্নত রাখার চেষ্টা করছে।’
সুলতানা কামাল আরও বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই না, যেখানে কেউ মনে করবে আমি এ দেশে বাস করতে পারলাম না। একটি বিশেষ পরিচয়ে থাকার কারণে কাউকে যেন মাথা নিচু করে থাকতে না হয়।’
গান ও প্রয়াত সদস্যদের সংক্ষিপ্ত জীবনী পাঠের মাঝে আসকের প্রতিষ্ঠাতা সদস্য সালমা সোবহানের স্মৃতিচারণা করেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, ‘২৮ বছর আগে এরশাদ সরকারের আমলে আসকের জন্ম হলো, আজ সারা দেশ ও বিশ্বের সবাই এই প্রতিষ্ঠানের নাম জানে। মানবাধিকারের আন্দোলনে শুরু থেকেই আসক নেতৃত্ব দিচ্ছে। আসক যত দিন জীবিত থাকবে, সালমা সোবহানের স্মৃতি তত দিন জীবিত থাকবে।’
আসকের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সালমা সোবহান বাংলাদেশের অধিকারবঞ্চিত নারীদের অধিকার আদায়ের আন্দোলনের পথিকৃৎ। মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টেরও (ব্লাস্ট) অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। তিনি রেহমান সোবহানের প্রয়াত স্ত্রী।
স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিপি ও প্রথম স্বরাষ্ট্রসচিব আবদুল খালেকের স্মৃতিচারণা করেন তাঁর স্ত্রী সেলিনা খালেক এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে এম সোবহানের স্মৃতিচারণা করেন তাঁর ছেলে রেহান সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন।