প্রয়াত ড. আফতাবের সময়ে জনবল নিয়োগে অনিয়মের তদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোট সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে জনবল নিয়োগসহ বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য গঠিত কমিটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে ৬৪২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে।্রওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত সাবেক উপাচার্য আফতাব আহমেদের মেয়াদে এক হাজার ২২২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়ম হয়েছিল। এ ছাড়া ওই সময়ে নিয়োগের কিছু বিজ্ঞাপন ভুয়া বলে তথ্যপ্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে।গতকাল বুধবার প্রতিবেদনটি পৃথকভাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষামন্ত্রী পাওয়া প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।জানা যায়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশ দিয়েছিলেন। ওই নোটিশের ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আবু সাঈদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া বিভিন্ন নথি, সিন্ডিকেটের সিদ্ধান্ত ও অন্যান্য নথি পর্যালোচনা করেছে। তবে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্ত করার সিদ্ধান্ত হলেও পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে ড. আফতাব আহমেদের নিয়োগে অনিয়ম তদন্তের সিদ্ধান্ত হয়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী বলেন, কমিটি কার্যবিধি অনুযায়ী তদন্ত করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির প্রতিবেদনে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের দুজন সদস্যকে এই প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে সহ-উপাচার্য বলেন, এক হাজার ২২২ জনের সবার নিয়োগ সমান প্রশ্নবিদ্ধ নয়। তবে কিছু নিয়োগে অনিয়ম খুবই গুরুতর।এদিকে ড. আফতাবের সময়ে নিয়োগ পাওয়া একাধিক কর্মকর্তা বলেছেন, উদ্দেশ্য ভালো থাকলে শুধু ড. আফতাবের মেয়াদের নিয়োগ তদন্ত করে দেখা হতো না। তাঁরা বলছেন, নিয়োগবিধি না থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধিকাংশ নিয়োগে অনিয়ম হয়েছে।