প্রয়াত দুই অর্থনীতিবিদকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত অর্থনীতিবিদ মোজাফ্ফর আহমদের স্ত্রী রওশন জাহানের হাতে বাংলাদেশ ব্যাংক পুরস্কারের ক্রেস্ট তুলে দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় l প্রথম আলো
প্রয়াত অর্থনীতিবিদ মোজাফ্ফর আহমদের স্ত্রী রওশন জাহানের হাতে বাংলাদেশ ব্যাংক পুরস্কারের ক্রেস্ট তুলে দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় l প্রথম আলো

প্রয়াত অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও স্বদেশ রঞ্জন বোসকে বাংলাদেশ ব্যাংক পুরস্কার ২০১৩ দেওয়া হয়েছে। অর্থনীতি নিয়ে তাঁদের বর্ণাঢ্য পেশাদার কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই দুজন অর্থনীতিবিদের স্ত্রীর হাতে পুরস্কারের স্বর্ণপদক, ক্রেস্ট ও চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মিরপুরের বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানে পুরস্কার পাওয়া অর্থনীতিবিদদের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন পরিবারের সদস্য ও অতিথিরা। মোজাফ্ফর আহমদের স্ত্রী রওশন জাহান ও স্বদেশ রঞ্জন বোসের স্ত্রী নূরজাহান বোস পুরস্কার নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন।
২০০০ সালে প্রবর্তনের পর চতুর্থবারের মতো বাংলাদেশ ব্যাংক এই পুরস্কার দিয়েছে। এর আগে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক নুরুল ইসলাম ও অধ্যাপক মুশাররফ হোসেনকে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ সম্মাননা দিয়েছে।
মোজাফ্ফর আহমদের সঙ্গে দীর্ঘ অর্ধশতাব্দীর ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তিনি (মোজাফ্ফর আহমদ) জ্ঞান আহরণের ক্ষেত্রটি শুধু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। মোজাফ্ফর আহমদ অবসরজীবনে মানবাধিকার, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’
অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদদ্বয় দারিদ্র্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়নের সূচনা করেছিলেন, সেই স্বপ্ন পূরণের জোরালো প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমেই তাঁদের প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করতে পারি।’
নিজের স্বামীর কর্মময় জীবনের মূল্যায়ন করতে গিয়ে রওশন জাহান বলেন, ‘মোজাফ্ফরের উন্নয়ন ভাবনা অর্থনীতির গণ্ডিতে আবদ্ধ না থেকে সামগ্রিক রূপ নিয়েছিল। তাঁর কাঙ্ক্ষিত উন্নয়ন প্রক্রিয়া সফল হলে দেশে সুস্থ, সন্ত্রাসমুক্ত, অংশীদারমূলক গণতান্ত্রিক রাজনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসন বিরাজ করবে। তিনি বলেন, পদ, পদবি, পদক, পুরস্কার—এসবের প্রতি তাঁর (মোজাফ্ফর আহমদ) কোনো মোহ ছিল না। আমার সংগ্রামী জীবনসঙ্গী যে বহুমুখী কর্মপ্রচেষ্টায় লিপ্ত ছিলেন, এর উৎস ছিল তাঁর মানবিক মূল্যবোধ ও আদর্শনিষ্ঠা।’
পারিবারিক জীবনের স্মৃতিচারণ করেন অধ্যাপক মোজাফ্ফরের মেয়ে সোহেলা নাজনীন। তিনি বলেন, ‘আমাদের পারিবারিক জীবনে বাহুল্য ছিল না। অনেক ঈদে আমরা ভাইবোনেরা নতুন জামা পেতাম না। তখন বাবা বলতেন, শিক্ষা ছাড়া আমি তোমাদের আর কিছু দিয়ে যেতে পারব না।’ তিনি আরও বলেন, ‘আশির দশকে যখন অনেকের বাসায় টেলিভিশন ছিল না, তখন আমাদের বাসায় কম্পিউটার ছিল। বাবা জানতেন, প্রযুক্তির ব্যবহার শিখতে হবে।’
স্বদেশ রঞ্জন বোসের স্ত্রী নূরজাহান বোস কিছুটা আক্ষেপ করে বলেন, তিনি (স্বদেশ রঞ্জন বোস) ৮২ বছর পর্যন্ত এ দেশেই বেঁচে ছিলেন। জীবিত অবস্থায় তাঁর কেউ মূল্যায়ন করেননি, খোঁজ নেননি। তবে আজকে মরণোত্তর সম্মাননা পেয়ে তিনি গর্বিত বলে জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী।
উল্লেখ্য, অধ্যাপক মোজাফ্ফর আহমদ দীর্ঘ ৪০ বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। ২০১২ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর গবেষণা ও মতামত জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে আছে।
অন্যদিকে কৃষি উন্নয়ন, বাণিজ্য, কর্মসংস্থান, শ্রমবাজার, দারিদ্র্য—এসব বিষয় নিয়ে কাজ করেছেন স্বদেশ রঞ্জন বোস। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। দীর্ঘদিন জটিল পারকিনসন রোগে আক্রান্ত হয়ে ২০০৯ সালে গরলোকগমন করেন।