প্রয়াত ভাষাসৈনিক আলী আজমলের নামে সড়ক
ভাষার মাসে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত ভাষাসৈনিক আলী আজমল বুলবুলের নামে গতকাল শুক্রবার সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় পৌর সদরের মনিরামপুর বাজারের চৌরাস্তা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কটি ‘ভাষাসৈনিক আলী আজমল বুলবুল সড়ক’ নামে ঘোষণা করা হয়। স্থানীয় সাংসদ চয়ন ইসলাম আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ ছাড়াও বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান, সাবেক সাংসদ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, নাছিম উদ্দিন মালিথা, মো. আনোয়ার হোসেন প্রমুখ।২০০১ সালের ২১ ফেব্রুয়ারি এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ ভাষাসৈনিক আলী আজমলের উপস্থিতিতে সড়কটি তাঁর নামে নামকরণ করার ঘোষণা দিলেও এত দিন তা বাস্তবায়িত হয়নি।তৎকালীন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজমল ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ১৭টি মামলা হয়। তিনি একাধিকবার কারাবরণ করেন। একই কারণে তাঁকে মেডিকেলের চূড়ান্ত পরীক্ষার তিন মাস আগে বহিষ্কার করা হয়। ৭৬ বছর বয়সে তিনি ২০০২ সালের ৩ অক্টোবর পৌর সদরের মনিরামপুর মহল্লার নিজ বাসভবনে মারা যান।