প্রয়াত মুক্তিযোদ্ধার জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের প্রয়াত মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের জমি উদ্ধার ও তাঁর স্ত্রী-সন্তানসহ আটজনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মির্জাপুর থানা চত্বর থেকে শুরু হওয়া এ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।নুর মোহম্মদের স্ত্রী জরিনা বেগম ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে নুর মোহাম্মদ বাওয়ার রোডে সাড়ে ৪৮ শতাংশ জমির ওপর বাওয়ার অয়েল মিল নামে একটি সরিষা ভাঙানোর কারখানা চালু করেন। পরে ওই জমি বন্ধক রেখে সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখা থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় তা বাড়তে থাকে। স্থানীয় কাবেল উদ্দিন, বেলায়েত হোসেন, বছির উদ্দিন ও নাজিম উদ্দিন ওই জমি কেনার কথা বললে ১৯৯৪ সালে ৩৫ লাখ টাকা মূল্য হিসাবে নুর মোহাম্মদের সঙ্গে তাঁদের চুক্তি হয়। তখন তাঁরা নুর মোহাম্মদকে মাত্র ১০ লাখ টাকা দেন। নানা অজুহাতে বাকি টাকা না দিয়ে ওই জমি দখল করেন তাঁরা। প্রতিবাদ করলে নুর মোহাম্মদ ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়।২০০৭ সালে নুর মোহাম্মদ মারা যান। পরে সোনালী ব্যাংক তাঁর তিন সন্তানকে আসামি করে মামলা করে। বর্তমানে সোনালী ব্যাংকে ঋণের টাকা সুদে-আসলে এক কোটি ছাড়িয়ে গেছে বলে জানা যায়। এদিকে জমি দখলকারী কাবেল উদ্দিন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নুর মোহাম্মদের সন্তানদের নামে সাজানো মামলা করে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য থানা চত্বরে উভয় পক্ষের আলোচনার কথা থাকলেও কাবেল অনুপস্থিত থাকেন। পরে সেখানে উপস্থিত এলাকাবাসী নুর মোহাম্মদের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। যোগাযোগ করা হলে কাবেল অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাঁরা পৈতৃক সূত্রে পেয়েছেন। মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।