প্রয়োজন দীর্ঘমেয়াদি সহায়তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডের পর পেরিয়ে গেছে দুটি বছর। কিন্তু দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আহত পোশাককর্মী ও নিহত ব্যক্তিদের পরিবারগুলোর মানবেতর জীবনের হয়নি এখনো অবসান।
রাজধানীর অদূরে সাভারে পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের দুই বছর পূর্ণ হলো গতকাল সোমবার। ২০১২ সালের ২৪ নভেম্বর ঘটা অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন অন্তত ১১২ জন। আহত হন আরও কয়েক শ।
তাজরীনের পোশাকের ক্রেতা বিশ্বের নামীদামি ১৬টি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের উচিত ছিল ঘটনার পরপরই আহত ও নিহত পোশাককর্মীদের পরিবারগুলোকে পরিপূর্ণ সহায়তা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। অথচ এ দায় এড়িয়ে গেছে তারা। দুর্ঘটনায় বেঁচে যাওয়া অনেকেই এখনো শারীরিক ক্ষতই কাটিয়ে উঠতে পারেননি। চিকিৎসার খরচটুকু চালানোর সামর্থ্যও তাঁদের নেই। নেই কর্মসংস্থানের সুযোগও।
গত রোববার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, আন্তর্জাতিক ওই ১৬ প্রতিষ্ঠানের মাত্র দুটি ক্ষতিগ্রস্তদের অর্থবহ ক্ষতিপূরণ দিয়েছে বলে জানা যায়। পাঁচটি কোনো ক্ষতিপূরণ তো দেয়ইনি বরং দাবি করেছে, তাদের অজ্ঞাতে বা বিনা অনুমতিতে তাদের জন্য পোশাক তৈরি বা মজুত করা হচ্ছিল তাজরীন কারখানায়। আর বাকি নয়টি প্রতিষ্ঠান প্রস্তাব দিয়েছিল, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাতব্য খাতে অজ্ঞাত পরিমাণ অনুদান দেওয়ার।
নিউইয়র্কভিত্তিক সংগঠন এইচআরডব্লিউয়ের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, ‘মর্মান্তিক রানা প্লাজা দুর্ঘটনার মতো তাজরীনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরও ব্যাপক ও দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন। অগ্নিকাণ্ডে পুড়ে মরা থেকে অনেকে হয়তো বাঁচতে সক্ষম হয়েছেন, কিন্তু তাঁদের বেঁচে থাকার এখন আর অবলম্বন নেই।’
ব্র্যাড অ্যাডামস আরও বলেন, ‘এসব মানুষকে সহায়তার দায়িত্ব এড়ানোর সুযোগ নেই এসব আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁদের জানিয়েছেন, তাঁরা বাংলাদেশ সরকার ও বিজিএমইএর তরফে যে এক লাখ টাকা পেয়েছেন তার বেশির ভাগ প্রথম বছরই শেষ হয়ে গেছে চিকিৎসা খরচ মেটাতেই।’