প্রয়োজন নেই, তবু শিক্ষক নিয়োগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক থাকার পরও নতুন করে চারজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ নিয়োগ-প্রক্রিয়া বাতিলের জন্য উপাচার্যের কাছে লিখিত দিয়েছেন বিভাগের নয়জন শিক্ষক।
বিভাগের শিক্ষকেরা জানান, বিভাগে ২২টি শিক্ষক পদের বিপরীতে ইতিমধ্যে ২৩ জন শিক্ষক রয়েছেন। ২৩ জনের মধ্যে বিভাগে কর্মরত আছেন ১৪ জন এবং ছুটিতে আছেন নয়জন। ছুটিতে থাকা শিক্ষকদের মধ্যে একজনের ছুটি শেষ হয়ে যাওয়ায় অবিলম্বে তিনি বিভাগে যোগদান করবেন। এ ছাড়া আগামী বছরের মার্চের মধ্যে যোগদান করবেন আরও তিনজন শিক্ষক।
শিক্ষার্থীদের পাঠদানের জন্য ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির বিভিন্ন বর্ষের কোর্স বিভাগের ১২ জন শিক্ষকের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। অবশিষ্ট না থাকায় পাঠদানের জন্য দুজন শিক্ষককে কোনো কোর্স দেওয়া সম্ভব হয়নি। তাঁরা আরও জানান, বিভাগে কোনো সেশনজটও নেই। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সব বর্ষের সব কোর্স শেষ পর্যায়ে রয়েছে। বিভাগীয় সভায় সব বর্ষের পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা কার্যক্রমও সুষ্ঠুভাবে চলছে। এই অবস্থায় বিভাগে নতুন কোনো শিক্ষক নিয়োগের প্রয়োজন নেই। এ ছাড়া বিভাগে কোনো শিক্ষকসংকটও নেই। তবু শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা না করেই গত ২৭ আগস্ট অস্থায়ী ভিত্তিতে চারজন শিক্ষক নিয়োগের জন্য বিভাগীয় সভাপতি বিজ্ঞপ্তি দেন।
২ সেপ্টেম্বর এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিলের দাবিতে নয়জন শিক্ষক বিভাগের সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন। ৪ সেপ্টেম্বর এ ব্যাপারে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। উপাচার্য তাঁদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। কিন্তু এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর নিয়োগের জন্য পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে গত শনিবার দুপুরে আবারও উপাচার্যের সঙ্গে দেখা করে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত ও বাতিলের অনুরোধ করেন শিক্ষকেরা।
এ বিষয়ে বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইব্রাহিম খলিল বলেন, বিবেচনা করা হবে বলে উপাচার্য আবারও আশ্বাস দিয়েছেন। ব্যক্তিগত বা দলীয় স্বার্থেই এ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তা না হলে বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতো। বিভাগীয় সভাপতি কারও সঙ্গে কথা না বলে নিজেই শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিভাগের সভাপতি মু. নজিবুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমি মুঠোফোনে এ বিষয়ে কোনো কথা বলব না। আপনি আগামীকাল (রোববার) বিভাগে আসেন। সামনাসামনি কথা বলব। আমি চাই আমার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন হোক।’ গতকাল এ ব্যাপারে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।