প্রয়োজনে কেউ কেউ ঢাকামুখী, সঙ্গী যানজটের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের উল্টো পাশে এসে থামা একটি বাস থেকে নামলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বাঁধন। সঙ্গে তাঁর বাবা। এসেছেন ফরিদপুর থেকে।

গতকাল রোববার দুপুরে বাস থেকে নামার পর বাঁধনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। বললেন, চিকিৎসার জন্য মাকে বিদেশে নিয়ে যেতে হবে। মায়ের ভিসার ব্যবস্থা করতে হবে। এ জন্য আরও খোঁজখবর নিতে ফরিদপুর থেকে বাবাকে সঙ্গে নিয়ে এলেন।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে যখন টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল, তখন এমন প্রয়োজন এবং নানা কারণে ঢাকায়ও আসছেন কেউ কেউ। তবে তাঁদের সংখ্যা তুলনায় অনেক কম। ঢাকায় আসা বেশ কয়েকটি বাসে দেখা গেল, কয়েকটিতে যাত্রী হাতে গোনা, কয়েকটি খালি। তবে যাঁরা এসেছেন, তাঁদেরও পথে যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। বেশ কয়েকটি বাসের চালক-সুপারভাইজাররা বললেন, ঢাকায় আসতেও স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় লাগছে।

বাঁধন বললেন, ‘ফরিদপুর থেকে গত শনিবার রাত ১২টার দিকে রওনা দিয়েছি। ফেরিঘাটের দীর্ঘ যানজট এড়াতে দৌলতদিয়ায় এসে বাস থেকে নেমে পড়ি। পরে ফেরিতে উঠে সকালে পাটুরিয়া পৌঁছাই। দৌলতদিয়ায় ফেরিঘাট পর্যন্ত জটের কারণে ওইটুকু আসতেই কয়েক ঘণ্টা লেগেছে। পাটুরিয়া থেকে অন্য একটি বাসে উঠে বেলা দেড়টায় গাবতলীতে নামলাম।’

জেআর পরিবহনে করে বেলা পৌনে দুইটার দিকে ঢাকায় আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তরিকুল ইসলাম বললেন, তিনি ঢাকায় চাকরি করেন। তবে পরিবারের সদস্যরা থাকেন খুলনার খালিশপুরে। পরিবারসহ ঈদে সিলেটে যাবেন বলে তাঁদের নিয়ে এলেন। তিনি বললেন, রাত নয়টায় তাঁরা বাসে উঠেছিলেন।

পথে যানজটে দেরি হয়েছে জানিয়ে ঢাকা-দর্শনা পথে চলা জেআর পরিবহনের ওই বাসের সুপারভাইজার সায়মন প্রথম আলোকে বলেন, শনিবার রাত সাড়ে আটটায় দর্শনা থেকে রওনা দেন। নয়জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছালেন। স্বাভাবিক সময়ে আট ঘণ্টা লাগলেও এবার লেগেছে প্রায় ১৭ ঘণ্টা।

উত্তরবঙ্গ থেকে আসার পথেও আছে যানজটের ভোগান্তি। যানজটের কারণে পথে দেরি হওয়ার কথা জানালেন দিনাজপুর থেকে আসা সালমা পরিবহনের সুপারভাইজার রোজ। তিনি বলেন, ‘শনিবার রাত ১২টায় খালি বাস গেটলক করে রওনা দিই। সাধারণত দিনাজপুর থেকে ঢাকা আসতে ছয়-সাত ঘণ্টা সময় লাগে। তবে এই যাত্রায় লাগল ১৩ ঘণ্টা।’

রংপুর থেকে ঢাকায় ঢোকার পথে টিআর ট্রাভেলসের একটি বাসে বেলা একটায় উঠে দেখা গেল, যাত্রী নেই। বাসের সুপারভাইজার শহীদুল ইসলাম বললেন, রোববার (গতকাল) সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে রংপুর যাওয়ার যাত্রী থাকায় শনিবার রাত ১২টায় যাত্রী ছাড়াই বাস নিয়ে রওনা হয়েছেন। কিন্তু ঢাকায় পৌঁছালেনই এখন। যাত্রীরা তো সকাল থেকেই কাউন্টারে অপেক্ষা করছেন। তাঁদের নিয়ে রংপুর রওনা দিতে হবে। তিনি বলেন, ঢাকায় আসতে সাধারণত সাত-আট ঘণ্টা লাগে, তবে এবার পথে যানজটের কারণে এত সময় লাগল।

বেশির ভাগ মানুষ যখন ঈদ করতে ঘরমুখী, তখন ঈদ করতে সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছে এক পরিবার। সাতক্ষীরা পরিবহনে আসা নূরজাহান বলেন, তাঁর বাবা থাকেন মিরপুরে। বাবার সঙ্গে ঈদ করবেন বলে স্বামী ও নাতিকে নিয়ে এসেছেন।

ঢাকায় ঈদ করতে আসার কথা বললেন একই বাসে আসা আরেক যাত্রী জাকিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভাই আছেন মোহাম্মদপুরে। প্রতিবারই আসি ভাইয়ের সঙ্গে ঈদ করতে।’

ওই বাসের সুপারভাইজার টোটন বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রওনা দিয়ে রোববার বেলা দুইটায় পৌঁছালেন। স্বাভাবিক সময়ে সাত ঘণ্টা লাগলেও এবার দৌলতদিয়া ঘাটে এবং আমিনবাজারে যানজটের কারণে দেরি হলো।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসা পাবনা এক্সপ্রেসের সুপারভাইজার রেজাউল বলেন, ভোর চারটায় যাত্রী ছাড়াই রওনা দিয়েছেন। পাবনা থেকে ঢাকা আসতে সাধারণত পাঁচ ঘণ্টার বেশি সময় লাগে না। এবার পাঁচ ঘণ্টা বেশি লাগল।