প্রয়োজনে চিকিৎসকের সামনে জিজ্ঞাসাবাদের আবেদন স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার l ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার l ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
এদিকে মান্নাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে চিকিৎসকের উপস্থিতিতে তা করার আবেদন জানিয়েছেন স্ত্রী মেহের নিগার। সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান।
কারা সূত্র জানায়, দুপুরে কেন্দ্রীয় কারাগারের আট সদস্যের একটি দল ঢাকা মেডিকেলে গিয়ে সিসিইউতে চিকিৎসাধীন মান্নাকে মাইক্রোবাসে করে কারাগারে নিয়ে আসে।
নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক আতিকুর রহমান অভিযোগ করেন, সুস্থ না হলেও মান্নাকে কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শমতো তাঁকে ঢাকা মেডিকেলে রেখে এনজিওগ্রাম ও এমআরআই করানোর অনুরোধ জানালেও কারাগারের এক ডেপুটি জেলার রাজি হননি। তবে সন্ধ্যায় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী বলেন, চিকিৎসক হাসপাতাল থেকে মান্নাকে ছাড়পত্র দেওয়ার পর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
ডিবি পুলিশের কাছে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ডে থাকা অবস্থায় ১০ মার্চ রাতে বুকে ব্যথা অনুভব করায় মান্নাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মান্নার ফোনে কথোপকথন নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর গত ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে মান্নাকে বনানীতে আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়। এর প্রায় ২১ ঘণ্টা পর তাঁকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। তবে র্যাব তাঁকে ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি থেকে আটক দেখায়। এ সময় তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি এ মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ রিমান্ড শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় এবং এ মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
স্ত্রীর সংবাদ সম্মেলন: দুপুরে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে মান্নার স্ত্রী মেহের নিগার সংবাদ সম্মেলনে বলেন, মান্না আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো প্রকার আইনানুগ বিচারের সম্মুখীন হতে রাজি আছেন। প্রয়োজন হলে তাঁকে জেলগেটে চিকিৎসকের উপস্থিতিতেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। একজন অসুস্থ মানুষের প্রতি রিমান্ডের নামে কী ধরনের আচরণ করা হয়েছে, তা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি হওয়া থেকেই বোঝা যায়। তিনি মান্নাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানান।
সরকারের কাছে মান্নার যথাযথ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসার আবেদন জানান মেহের নিগার। তিনি বলেন, মান্না কখনো সন্ত্রাস-সহিংসতা, ষড়যন্ত্র-চক্রান্ত বরদাশত করেননি। ফোনালাপে তাঁর কথা বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে তাঁরা ব্যথিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মান্নার মেয়ে নীলম মান্না।