প্রয়োজনে বইমেলায় প্রকাশক-লেখকদের 'বিশেষ নিরাপত্তা'

বইমেলায় কোনো প্রকাশক, লেখক, বিশিষ্ট ব্যক্তি বা যেকোনো নাগরিক নিরাপত্তার অভাববোধ করলে মেলার পুরো চত্বরে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে পুলিশ।
আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে একুশে বইমেলার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারও একুশে বইমেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে এবারের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
গত বছরও বইমেলাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পুলিশ। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে। ১১ মাসেও অভিজিতের সেই খুনিরা ধরা পড়েনি।
অবশ্য ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলছেন, ‘অতীতে যে সমস্যাগুলোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে—সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে; সেভাবেই আমরা নিরাপত্তা দেব। প্রত্যাশা করছি, আপনাদের সবার সহযোগিতা পেলে এবার কোনো দুর্ঘটনা ছাড়াই বইমেলা শেষ হবে।’
সংবাদ সম্মেলনের শুরুতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন বলেন, এবার মেলায় তিনটি প্রবেশ ও চারটি বের হওয়ার পথ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় মোট সাতটি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। এরপর ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপকমিশনার রেজোয়ান আহমেদ বলেন, মেলায় আগতদের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে (জিমনেসিয়াম)। গাড়ি নিয়ে আগতরা টিএসসি বা দোয়েল চত্বরে গাড়ি থেকে নেমে গাড়ি পাঠিয়ে দেবেন শরীরচর্চা কেন্দ্রে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তাটিতে এবারও যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত জায়গা ছাড়া রাস্তায় গাড়ি রাখা যাবে না। শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত হকারদের বসতে দেওয়া হবে না। এবার ইভটিজিং রোধেও থাকবে বিশেষ দল। মেলা চলাকালে সন্ধ্যার পর কাউকে সোহরাওয়ার্দী উদ্যানে থাকতে দেবে না পুলিশ। বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান ছাড়তে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে এবারের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যার মধ্যে প্রথমেই বলতে হবে, বইমেলার পুরো প্রাঙ্গণ জুড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। এবার মেলায় প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে থাকবে। সবাইকেই এই তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। ভ্যানিটি ব্যাগ বা যেকোনো ব্যাগই তল্লাশি করা হবে। আগে মেলায় ঢোকা ও বের হওয়ার পথগুলো একই সঙ্গে হওয়ায় ভিড়ের মধ্যে পর্যবেক্ষণে অসুবিধা ছিল। এবারে এটি আলাদা করা হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় ফুট প্যানেল ও লাইনিং সিস্টেম থাকবে। শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত টিএসসি, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে পুরো এলাকাই সিসি ক্যামেরার আওতায় থাকবে। দুটি নিয়ন্ত্রণকক্ষের অধীনে দুই শ’র বেশি ক্যামেরা থাকবে। দুজন কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ দুটির দায়িত্বে থাকবেন। মনিটরে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি থাকবে।
গত বছরে কড়া নিরাপত্তার মধ্যেও লেখক অভিজিতের খুন হওয়া এবং ১১ মাসেও আসামিরা গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে জানতে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা যদি পরিসংখ্যানটা দেখেন, বিদেশের অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে অপরাধের মাত্রা অনেক কম। ২০১৫ সালে হাতে গোনা তিন-চারটা ঘটনা ঘটেছে। এসব ঘটনা তদন্তে আমাদের কিন্তু অগ্রগতি রয়েছে। কিন্তু অপরাধ দমনে শতভাগ সাফল্য, শতভাগ অগ্রগতি আশা করা যায় না। অতীতে যে সমস্যাগুলোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে, সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে, সেভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’
পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের বলার মতো যথেষ্ট সক্ষমতা রয়েছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই রহস্য উদ্ঘাটনে, আসামি গ্রেপ্তারে ও জঙ্গি গ্রেপ্তারে শতকরা ৯৮ ভাগ সফলতা রয়েছে পুলিশের। আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় অনেক ঘটনা ঘটেনি। যে দুটা-পাঁচটা ঘটনা ঘটেছে তা আপনারা দেখেছেন। কিন্তু যে ৯৫, ৯৬ বা ৯৭ ভাগ ঘটনা আমরা ঠেকিয়ে দিয়েছে সেগুলো আপনারা জানেন না।’ তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল টার্গেটেড হত্যাকাণ্ডের মধ্যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এদের সম্পর্কে সব তথ্যই পেয়েছি। এদের অধিকাংশই গ্রেপ্তার হয়েছে। তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্যও পুলিশের কাছে রয়েছে। আপনারা বিশ্বাস রাখেন আমাদের ওপরে। আমরা প্রতিটি চক্রকেই আইনের আওতায় নিয়ে আসব।’
যারা হুমকির মুখে আছে এ রকম কোনো লেখক, প্রকাশক ও ব্লগারদের তালিকা করা হয়েছে কি না জানতে চাইলে কমিশনার বলেন, ‘তাদের তালিকা রয়েছে। পুলিশ বিভিন্নভাবে তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, বিগত বছরগুলোতে লেখক, প্রকাশক ও ব্লগারদের বিরুদ্ধে যে অপরাধগুলো হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বলার মতো অগ্রগতি রয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।