প্রয়োজনে শিশুটির ডিএনএ পরীক্ষা পরে হবে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেই ফুটফুটে শিশুটির ‘স্বজন’ দাবি করে হাসপাতালে কয়েকজন নিতে এলেও এখনই তাকে হস্তান্তর করা হচ্ছে না। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে শিশুটিকে ‘স্বজন’দের হাতে তুলে দেওয়া হবে।
গতকাল সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা এবং পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের বগুড়ার পুলিশ সুপার ইসরাইল হাওলাদার প্রথম আলোকে এ কথা বলেন। এর আগে গত রোববার নিজেদের শিশুটির বাবা, দাদা-দাদি ও নানা-নানি দাবি করে কয়েকজন ‘স্বজন’ হাসপাতালে এলে ডিএনএ পরীক্ষার বিষয়টি উঠে আসে।
নিজেকে শিশুটির দাদা বলে পরিচয় দেওয়া আবদুর রশিদ (৪২) পেশায় একজন ভিক্ষুক। তিনি বলেন, ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা শিশুটির নাম মোরশেদা খাতুন ওরফে শিখা। বয়স এক বছর দশ মাস। শিখার মায়ের নাম মুন্নী বেগম (১৭)। বাবা গোলাম মোস্তফা (১৮) একজন রিকশাচালক। তাঁদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়া মালঞ্চ গ্রামে। গত শনিবার দাম্পত্য কলহের জের ধরে কাউকে না বলে মুন্নী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।
শিশুটির বাবা বলে নিজের পরিচয় দেওয়া গোলাম মোস্তফা বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরে হোটেলশ্রমিক হিসেবে কাজ করার সময় রেল বস্তির আবুল কালাম আজাদের মেয়ে মুন্নীর সঙ্গে তাঁর পরিচয় ও বিয়ে হয়। গত শনিবার অভিমান করে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান মুন্নী।
৫ জুলাই দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালি সেতুসংলগ্ন হাওয়াখানা একলায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে মারা যান এক নারী। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ফুটফুটে এক শিশুকে। পরে চিকিৎসার জন্য শিশুটিকে ভর্তি করা হয় বগুড়ার হাসপাতালটিতে।