প্রয়োজনে সরকারি খরচে ইরাকের বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে প্রয়োজন হলেই সেখানকার বিপদে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সিস) নতুন কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন,‘ইরাকে ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি আছেন। আমরা তাঁদের খোঁজখবর রাখছি। কেউ যদি একান্ত বিপদে পড়ে দেশে ফিরে আসতে চান, তাহলে তাঁকে ফিরিয়ে আনব।’
এর আগে গতকাল বেলা সোয়া ১১টা থেকে দেড়টা পর্যন্ত বায়রার নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে বায়রার পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আবুল বাসার৷ বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবুল বাসার প্রথম আলোকে বলেন, জনশক্তি রপ্তানিকারকদের লাইসেন্স নবায়ন, ব্যবসা, ২০১৩ সালের অভিবাসী আইনসহ নানা বিষয়ে দীর্ঘ আলাপ করেছি।
মির্জা ফখরুলের বিবৃতি: ইরাকে বসবাসরত বাংলাদেিশদের নিরাপত্তাবিধান এবং তাঁদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান৷