মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ কোদালীছড়া। এই ছড়াটি (খাল) খনন প্রয়োজন কিন্তু হচ্ছে ভরাট। ইতিমধ্যে কোদালীছড়ার বিভিন্ন অংশ ভরাট হয়ে গেছে। ভরাটের চেষ্টা এখনো চলছে। গত মঙ্গলবার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ কোদালীছড়া ভরাট করে রাস্তা তৈরির এ রকম একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এলাকাবাসী ও পৌরসভা সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের কোর্ট রোডের জেলা প্রশাসকের বাংলোর কাছে সেতুর পূর্ব দিকের স্থানীয় বাসিন্দারা কয়েক দিন ধরে কোদালীছড়া ভরাট করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। মাস কয়েক আগেও এ ধরনের চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তখন কোদালীছড়ার পূর্বাঞ্চলের বাসিন্দা ও পৌর কর্তৃপক্ষের আপত্তির মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু কয়েক দিন ধরে কিছু শ্রমিক খালপাড়ে বাঁশের ঘের দিয়ে ইট-সুরকি ফেলে রাস্তা নির্মাণ শুরু করেন। ঘটনাটি জানাজানি হলে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ মঙ্গলবার সোচ্চার হয়। রাস্তা নির্মাণকাজ বন্ধ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা প্রথম আলোকে জানিয়েছেন, এই এলাকায় ১০টি পরিবারের বাস। কিন্তু তাদের বাসাবাড়িতে রিকশা বা অন্য কোনো যানবাহন নিয়ে যাওয়ার রাস্তা নেই। টাকা দিয়েও তারা রাস্তা নির্মাণের জন্য জায়গা পাচ্ছে না। তাই তারা কোদালীছড়ার পাশ দিয়ে রাস্তা নির্মাণের ওই উদ্যোগ নেয়। রাস্তা নির্মাণকাজ শুরুর আগে এ বিষয়ে তারা স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ অনেকের সঙ্গে কথা বলেছে।পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোদালীছড়া প্রায় ১৫ কিলোমিটার লম্বা। এটি শহরের পশ্চিমাঞ্চলের হাইল হাওরে গিয়ে মিশেছে। এই ছড়ার (খাল) অন্তত দুই কিলোমিটার পড়েছে পৌর এলাকায়, বাকি ১৩ কিলোমিটার পৌর এলাকার বাইরে। এলাকাবাসী জানান, একসময় এই কোদালীছড়া প্রশস্ত ও গভীর ছিল। তখন বৃষ্টির পানি দ্রুত হাইল হাওরে চলে যেত। কিন্তু বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও রাস্তা নির্মাণের ফলে কোদালীছড়া এত দিনে সংকীর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া খালের বিভিন্ন স্থানে বর্জ্য ফেলায় এবং শুকনো মৌসুমে খালের বিভিন্ন অংশে বাঁধ তৈরি করায় অনেক অংশ ভরাট হয়ে গেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, কোদালীছড়া এখন আগের মতো পানি ধারণ করতে পারে না বলে একটু বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকার ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তা তলিয়ে যায়। বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকা একাধিকবার পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। গত ২৮ জুন শহরের তিন শতাধিক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছিল। এ অবস্থায় কোদালীছড়ার প্রশস্ততা আরও কমিয়ে দেওয়া হলে শহরের পূর্বাঞ্চলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নেবে। সার্কিট হাউস এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, কোদালীছড়া খননের কথা বারবার বলা হচ্ছে। কিন্তু এখনো খননকাজ শুরু করা হয়নি। একটু বৃষ্টি দিলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আশপাশের বাসাবাড়িতে প্রায় হাঁটুপানি জমে।মৌলভীবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবদুন নাসের খান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কোদালীছড়া ভরাট করে রাস্তা নির্মাণের ওই চেষ্টা মেয়রের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘কোদালীছড়া পুনঃ খননের একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সেখানে কোদালীছড়ার দুই পাশে পায়ে চলার পথ তৈরির কথা। শ্রমিকদের কাজ করতে দেখে আমি মনে করেছিলাম এটা ওই প্রকল্পেরই কাজ। কিন্তু পরে খোঁজ নিয়ে জেনেছি এটা প্রকল্পের কাজ নয়। যেখানে কোদালীছড়া খননের ব্যবস্থা নিচ্ছি, সেখানে এটি ভরাট করা হচ্ছে।’মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম গতকাল বুধবার বলেন, ‘কোদালীছড়া ভরাট হয়ে গেছে। এটি খনন করার জন্য জেলা সমন্বয় কমিটি থেকেও বলা হয়েছে। আমরা পুনঃ খননের একটি প্রকল্প হাতে নিচ্ছি। এ নিয়ে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ চলছে।’