‘কোনো উৎসবে যেমন আমি নতুন পোশাক নিই, তেমনি চশমার ফ্রেমও বদল করি। ঈদে এবার গোলাকার বড় ফ্রেমের চশমা নিব। আমার ভাই কিনবে সানগ্লাস।’ সেঞ্চুরী আর্কেডের একটি দোকানে চশমা কিনতে আসা ছাবিনা রিফাত হড়বড় করেই বললেন কথাগুলো।
বিক্রেতা জসিম উদ্দীন বলেন, এখন ঈদ এলে বিশষ করে তরুণেরা চশমার ফ্রেম বদল করে। মেয়েরা ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে নিজের ব্যবহৃত চশমা বদল করে।’ জসিম জানান, নানান রং আর ডিজাইনের চশমা আছে এখন বাজারে। লাল, নীল, গোলাপি, বেগুনি, কমলা রঙের ফ্রেম—সব চলে। পোশাকের রং, গায়ের রং থেকে শুরু করে মুখের অবয়ব, টি-শার্টের রং—সবকিছুর সঙ্গে মিলিয়েই চশমা পাওয়া যায়।
একাধিক দোকান ঘুরে দেখা গেল, কিছু চশমার পুরো ফ্রেমে কারুকাজ করা। কোনোটার শুধু পেছনের অংশে কারুকাজ। কেউ কেউ আবার পছন্দ করেন ‘হ্যালো কিটি’ চশমা। আছে নানা নাম, নানা ব্র্যান্ডের চশমা।
আগে চোখের সমস্যা হলে চশমা পরা হতো। সেটা একান্ত প্রয়োজনে। ভারী ফ্রেমের সেসব চশমা কেবল চোখের সমস্যাকেই তুলে ধরত। এখন প্রয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে ফ্যাশন। চোখে নানা আকৃতির বর্ণিল ফ্রেমের চশমা পরা তরুণী এখন সচরাচরই দেখা যায়। ছেলেদের বেলায়ও তাই। এখন চশমার ফ্রেম অনেক হালকা। দীর্ঘদিন চশমা ব্যবহার করলেও নাকে দাগ পড়ে না।
সেঞ্চুরী আর্কেডেই চশমার দোকানে কথা হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে। নুসরাতের মতে, তাঁর মুখের আকৃতির সঙ্গে যায় এমন চশমা খুঁজছেন তিনি। গোল ফ্রেমের দিকেই তাঁর ঝোঁক। ক্যাট আই বা কার্ভড ধরনের ফ্রেমের চশমা মুখের চারকোনা ভাবটা দূর করে। ফারিয়ার বোন জানান, তার মুখ গোলাকার। সে ক্ষেত্রে চারকোনা ফ্রেমের চশমা এবং পুরু ফ্রেমের চশমা তাঁকে মানাবে বলে তাঁর ধারণা।
বিক্রেতা বললেন, ডিম্বাকৃতি মুখের সুবিধা হচ্ছে সব ধরনের ফ্রেম মানিয়ে যায়। যাদের মুখ লম্বাটে তারা একটু বড় আকারের ফ্রেম বেছে নেন।
বিজয়নগরে চশমার দোকানগুলোতে সন্ধ্যাবেলায় ভিড় বাড়ে। দোকানদারেরা জানান, নানান রকম চশমা এসেছে ঈদ উপলক্ষে। ফ্রেমের উপাদানেও বৈচিত্র্য এসেছে। তবে মেটালের তৈরি ফ্রেমের জনপ্রিয়তা আগের মতো নেই।
পুরান ঢাকার পাটুয়াটুলীতে আছে চশমার ঐতিহ্যবাহী সব দোকান। চশমার সবচেয়ে বড় পাইকারি বাজার এটি। খুচরা বিক্রেতারা এখান থেকে চশমা কেনেন। সেখানকার একজন নিয়মিত ক্রেতা সরকারি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, কম দামে চশমা কিনতেই তিনি পাটুয়াটুলী যান। সেখানে প্রচুর বিদেশি চশমা পাওয়া যায়। প্রতি ঈদেই তিনি সেখান থেকে চশমা কেনেন। মাঠপর্যায়ে কাজ করেন বলে সানগ্লাসও কিনেছেন শফিক।
বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ঈদ সামনে রেখে চশমার ফ্রেম ও সানগ্লাসের বিক্রি বেড়ে যায়। প্রতিদিন গড়ে এক লাখ চশমা ও সানগ্লাস বিক্রি হয় এ সময়। তিনি বলেন, চশমা কেনার ক্ষেত্রে দামের তুলনায় প্রয়োজন, নতুনত্ব, আরামদায়ক, টেকসই—এই বিষয়গুলোই ক্রেতারা প্রাধান্য দেন।