প্রয়োজন স্বল্প সুদে আবাসন ঋণ
দেশে আবাসন খাতে পুঞ্জীভূত ঋণের পরিমাণ ৪২ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণ সংস্থা মিলে এ পর্যন্ত এ পরিমাণ ঋণ বিতরণ করেছে। শুধু আবাসন খাতে ঋণ সহায়তা দিতে দেশের অভ্যন্তরে গড়ে উঠেছে সরকারি-বেসরকারি একাধিক বিশেষায়িত প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বাইরে বেসরকারি খাতের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আবাসন খাতে ঋণ সহায়তা দিচ্ছে।
মানুষের মৌলিক চাহিদা বাসস্থানের বিষয়টি মাথায় রেখে এই খাতে ঋণের জোগান দিয়ে যাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে এসব ঋণের সুদের হার সাধারণ ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সামর্থ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণে বাংলাদেশ ব্যাংক এ খাতে স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ার জন্য বিশেষ একটি ঘূর্ণমান তহবিল গঠন করেছিল। তবে ২০১০ সালের পর সেই তহবিলটিও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে নানা সমস্যার মুখোমুখি হয়ে ওই সময় থেকে আবাসন খাতে মন্দার ধাক্কা লাগে। যে মন্দা ভাব এখনো কাটেনি বলে এ খাতের ব্যবসায়ীদের দাবি। এ কারণে আবাসন খাতে আবারও চাঙা ভাব ফিরিয়ে আনতে আবার ‘স্বল্প সুদের বিশেষ তহবিল’ গঠনের দাবিটি বেশ জোরালো হয়ে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আবাসন খাতে বিতরণ করা ঋণের মধ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকার ঋণ বিভিন্ন ব্যাংকের। এর মধ্যে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন, বিদেশি ও বিশেষায়িত অন্যান্য ব্যাংকের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।
আবাসন খাতের ঋণদাতা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি), ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স মিলে এ খাতে বিতরণ করেছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ঋণ।
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) তথ্য অনুযায়ী, গৃহ ঋণ খাতে প্রতিষ্ঠানটি একজন গ্রাহককে সর্বনিম্ন পাঁচ লাখ থেকে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিয়ে থাকে। ঋণের সর্বোচ্চ মেয়াদ ২০ বছর। আর বর্তমানে বার্ষিক ১৪ শতাংশ সুদে এই খাতে ঋণ দেওয়া হচ্ছে বলে ইবিএলের ওয়েবসাইটে তথ্যে জানানো হয়েছে। ঋণপ্রাপ্তির জন্য ঋণগ্রহীতাদের মাসিক সর্বনিম্ন বেতন হতে হবে ৩০ হাজার টাকা।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিএলসি ফিন্যান্স ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ফ্ল্যাটের দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা দিয়ে থাকে। আর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই ঋণের পরিমাণ নির্মাণ খরচের সর্বোচ্চ ৮০ শতাংশ। সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে এই ঋণ দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির কনজুমার বিভাগের প্রধান ইরতেজা এ খান।
ইরতেজা এ খান প্রথম আলোকে বলেন, আইডিএলসি গৃহ ঋণ খাতে প্রতিবছর গড়ে ৪০ থেকে ৪৫ কোটি টাকা বিতরণ করে। সর্বনিম্ন ১৪ থেকে সর্বোচ্চ ১৬ শতাংশ সুদে এসব ঋণ দেওয়া হয়। ঋণ আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আবেদনকারীদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বগুড়াসহ দেশের যেসব এলাকায় আইডিএলসির শাখা রয়েছে, কেবল সেসব স্থানে এই ঋণ দেওয়া হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও পাঁচ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত আবাসন ঋণ দেয়। আর এর পরিশোধের সময়সীমা ৩ থেকে ২৫ বছর।
গৃহ ঋণ প্রদানকারী বেসরকারি খাতের বিশেষায়িত প্রতিষ্ঠান ডিবিএইচ। ডিবিএইচের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আবাসন খাতে ঋণ বিতরণ করে প্রতিষ্ঠানটি। ফ্ল্যাট ক্রয়, গৃহ নির্মাণ, প্লট ক্রয়, গৃহ সম্প্রসারণ ও পুনর্নির্মাণসহ আর বেশ কয়েকটি ক্ষেত্রে ঋণসুবিধা দেওয়া হয়। ফ্ল্যাটের ক্ষেত্রে নিবন্ধন খরচসহ ফ্ল্যাটের দামের সর্বোচ্চ ৭০ শতাংশ এবং গৃহনির্মাণের ক্ষেত্রে নির্মাণ ব্যয়ের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা দেওয়া হয়। আর্থিক বাজারের সঙ্গে সংগতি রেখে সুদের হার নির্ধারণ করা হয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় আবাসন খাতে কম সুদে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফ্ল্যাট কেনার জন্য ২০ বছর মেয়াদে ও বার্ষিক ১২ শতাংশ সুদে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকাভেদে এক হাজার ২৫০ থেকে এক হাজার ৪৩০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণসুবিধা দিয়ে থাকে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান।
গ্রাহক পর্যায়ে ঋণ পরিস্থিতি ২০১৩
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০১২-১৩ অর্থবছর শেষে (৩০ জুন, ২০১৩) আবাসন খাতে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা গ্রামীণ ব্যাংকের দেওয়া পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার কোটি টাকারও বেশি।
২০১২
জুনে ঋণের পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকা।
২০১১
জুন মাস শেষে এই খাতের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ছিল ২৮ হাজার কোটি টাকা।
বার্ষিক বিতরণ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিবছর আবাসন খাতে প্রায় সাত হাজার কোটি টাকার ঋণ বিতরণ হচ্ছে।