প্রায় ৩৮ বছর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হয়। তখন দিনে একটি ফ্লাইট পরিচালিত হতো। বর্তমানে নিয়মিত পাঁচটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। অথচ প্রয়োজনীয় অবকাঠামো ও যাত্রীসেবার মান বাড়েনি। নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের বহির্গমন, অভ্যন্তরীণ ও ভিআইপি লাউঞ্জে আসন আছে মাত্র ১৮৫টি। অথচ যাত্রী অনেক বেশি। সকালে পরপর তিনটি ফ্লাইট ছিল। আসা-যাওয়ার সব মিলে যাত্রী ছিল চার শতাধিক। আসন না পেয়ে অনেকেই দাঁড়িয়ে আছেন। বিমানের জন্য অপেক্ষমাণ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বিমানবন্দরের লাউঞ্জগুলোতে পর্যাপ্ত আসন নেই। নারী-পুরুষদের জন্য পৃথক দুটি শৌচাগার থাকলেও সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হয়।
সিদ্দিকুল আলম নামের এক যাত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট ওঠানামা করে। অথচ সে অনুযায়ী টার্মিনাল ভবন সম্প্রসারণ করা হয়নি। অথচ যাত্রীর চাপ অগের তুলনায় অনেক বেড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
পঞ্চগড় থেকে আসা বিমানযাত্রী রায়হানুর রহমান বলেন, ‘আমরা দূরের যাত্রী। বিমানবন্দরে অবতরণের পর দীর্ঘ সময় লাগেজের (মালপত্র) জন্য অপেক্ষায় থাকতে হয়। এ বিমানবন্দরে যাত্রীসেবা নেই বললেই চলে। ভিড়ের কারণে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারতেও বিড়ম্বনায় পড়তে হয়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে এমনটি কাম্য নয়।’
বিমানের নিয়মিত যাত্রী নীলফামারী বণিক সমিতির সভাপতি মারুফ জামান বলেন, বিমানবন্দরের টার্মিনাল ভবনে সব রকম যাত্রীসেবার ব্যবস্থা থাকা জরুরি। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনে প্রবেশ করলে মনে হয়, এটা যেন কোনো বাস টার্মিনাল।
বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয় ১৯৭৯ সালের ২১ জুলাই থেকে। বিমানবন্দরটিতে ছয় হাজার ফুট রানওয়ে আছে। কিন্তু বিমান ওঠা-নামায় এ রানওয়ে যথেষ্ট নয়। ফলে রানওয়ের পরিসর সম্প্রসারণের জন্য ওপরে (ঊর্ধ্বতন কর্তৃপক্ষ) চিঠি লেখা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সূত্র জানায়, শুরুতে দিনে একটি করে ফ্লাইট পরিচালিত হতো এ বিমানবন্দরে। সে বাস্তবতায় মাত্র ৭ হাজার ৮১ বর্গফুট জায়গায় নির্মাণ করা হয় দোতলা টার্মিনাল ভবন। পরবর্তী সময়ে ১ হাজার ৫০ বর্গফুট জায়গায় আরেকটি ভিআইপি লাউঞ্জ গড়ে ওঠে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট ওঠানামা করে সৈয়দপুরে। এখানে প্রতিদিন পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বিমান), নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনস। অল্প কিছুদিনের মধ্যেই ওই বিমানবন্দরে আরও দুটি ফ্লাইট বাড়বে। ফলে যাত্রীর চাপ আরও বেড়ে যাবে। কিন্তু সে অনুযায়ী টার্মিনাল ভবনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের একজন কর্মকর্তা বলেন, এই বিমানবন্দরের পার্কিং এলাকা পর্যাপ্ত নয়। এখানে পাশাপাশি দুটি এয়ারক্রাফট (উড়োজাহাজ) অবস্থান করতে পারে। একই সময়ে তিনটি ফ্লাইট অবতরণ করলে একটিকে অবস্থান করতে হয় বেশ দূরে রানওয়েতে। এতে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। টার্মিনাল ভবন সম্প্রসারণের পাশাপাশি রানওয়ে ও পার্কিং এলাকারও সম্প্রসারণ জরুরি।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দরটি সৈয়দপুরে। এ রুটে ২২টি সংসদীয় আসনের সাংসদ, হাই অফিশিয়াল, শিল্পপতি, পর্যটকসহ নানা শ্রেণির মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এ ছাড়া এ অঞ্চলে আছে রংপুর বিভাগীয় সদর দপ্তর, পাথরখনি, কয়লাখনি, চা-বাগান, উত্তরা ইপিজেড, তিনটি সেনানিবাস ও দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। এত সব গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় বিমানে যাত্রীর চাপ নিয়মিত বাড়ছে। সে সঙ্গে বাড়ছে দুর্ভোগও।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ বলেন, যেহেতু যাত্রী বাড়ছে, সেহেতু সমস্যাও থাকবে—এটাই স্বাভাবিক। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে। তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে শিগগিরই আন্তর্জাতিক করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর আমূল সম্প্রসারণ এখন সময়ের ব্যাপার।