দিনাজপুরের বিরামপুর পৌর শহরের চকবসন্ত গ্রামের অ্যান্থনি কিসপট্টা (৪২) নরসুন্দরের কাজ করেন। তিনি হঠাৎ রক্তবমি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে গত বুধবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, অ্যান্থনির জন্য স্যালাইন, ইনজেকশনসহ আট ধরনের ওষুধ লিখে দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে কোনো ওষুধ না থাকায় অ্যান্থনির স্ত্রী শ্যামলী কেরকাটা স্বামীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রেখে ছোটেন ওষুধ কিনতে। বাইরের দোকানে গিয়ে দেখেন, এসব ওষুধের দাম ১ হাজার ৩৯৫ টাকা। ওষুধের দাম শুনে শ্যামলী দিশেহারা হয়ে পড়েন। কীভাবে টাকা জোগাড় করবেন—এ চিন্তায় তিনি অস্থির হয়ে পড়েন। অনেক ছোটাছুটির পর আত্মীয়দের হাত-পা ধরে টাকা ধার নিয়ে তিনি স্বামীর জন্য ওষুধ কেনেন।
হরিকৃষ্ণপুরের ফারজানা বেওয়া (৭০) গতকাল বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তাঁকেও স্যালাইন কিনতে হয়।
গতকাল দুপুর ১২টায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসাধীন অ্যান্থনির স্ত্রী শ্যামলী আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘হামার টাকা নাই দেখে সরকারি হাসপাতালোত আনো। এ্যাটে বেলে কোনো ওষুধ নাই। তালে গরিবরা কোটে চিকিৎসা পাবে। কেঙ্ককরে ওষুধ কিনবে।’
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিরামপুরের সঙ্গে পাশের ফুলবাড়ী, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুলসংখ্যক রোগী আসেন। আউট ডোরে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি হন এই স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার আলিম আল রাজী বলেন, এখানে খাওয়ার স্যালাইন নেই দুই মাস থেকে, ব্যথার ইনজেকশন নেই চার মাস থেকে, গ্যাসের ইনজেকশন নেই তিন মাস থেকে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেই ছয় মাস থেকে, ডায়রিয়ার জন্য পুশ স্যালাইন নেই ৮-১০ দিন থেকে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বহুদিন থেকে অভ্যন্তরীণ দুর্নীতির কারণে সরকারের দেওয়া বিনা মূল্যের ওষুধের অপব্যবহার হচ্ছে। বিষয়টি তিনি স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি ১২ দিন ধরে প্রশিক্ষণে রাজশাহীতে আছেন। প্রশিক্ষণ শেষে ফিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ওষুধ না থাকার বিষয়ে জানাবেন।