‘এহানে আইলাম এক্স-রে এরতি (করতে)। আইসে শুনলাম, হ্যানে (এখানে) সব কডা মেশিন নষ্ট। বাইরি করতি গেলি তিনগুণ টাহা লাগবেনে। আমরা গরিব মানুষ, নুন আনতি পান্তা ফুরোয়, এত টাহা দে চিকিৎসা করব ক্যামনে? আমাগে কপালে চিকিৎসা নি (নেই)। বিনে চিকিৎসায় মরতি হবেনে।’কথাগুলো খুলনা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রূপসা উপজেলার আইজগতির ভ্যানচালক আবুল গাজীর। তাঁর মতো আরও অনেক রোগি এক্স-রে করতে না পেরে ফিরে যাচ্ছেন।সম্প্রতি সরেজমিন দেখা গেছে, এক্স-রে যন্ত্র খারাপ থাকায় রোগিরা বাইরে থেকে এক্স-রে করে আনতে বাধ্য হচ্ছেন। ১৫০ শয্যার এই হাসপাতালের গুরুত্বপূর্ণ তিনটি এক্স-রে যন্ত্রই খারাপ। দুটি অনেক আগে থেকেই নষ্ট হয়ে আছে। বাকি একটা চলছিল। কিন্তু সেটাও এক মাস আগে অচল হয়ে পড়েছে। দন্ত বিভাগ, অর্থপেডিক্স ও নাক-কান-গলা বিভাগে যন্ত্রপাতি নেই। যা আছে, তা ব্যবহারের অনুপযোগী। ভান্ডারকক্ষ অনেক আগে থেকেই জরাজীর্ণ হয়ে আছে। এই ভবনের ছাদ দিয়ে পানি পড়ে রক্ষিত ওষুধপত্র প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। মহিলা ওয়ার্ডের পুরাতন ভবন, হাসপাতালের পূর্ব পাশের দোতলা ভবন, সদর আরবান কার্যালয়সহ হাসপাতাল ক্যাম্পাসের পাঁচটি ভবন অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু এগুলো অপসারণের কোনো উদ্যোগ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, সার্জারি ও গাইনি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ এক মাস ধরে শূন্য। বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা ১১ জন; আছেন নয়জন। সহকারী রেজিস্ট্রার সাতজনের জায়গায় আছেন চারজন। জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তা চারজনের স্থলে আছেন দুজন। সার্জারি বিভাগে দুজন ও মেডিসিন বিভাগে একজন চিকিৎসক নেই। ১৫০ শয্যা অনুযায়ী চিকিৎসক ও সেবিকার অনুমোদন থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর অনুমোদন এখনো মেলেনি। পরিসংখ্যানবিদ, হেলথ এডুকেটর, হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহকারী নেই। মালি ও নৈশপ্রহরীর পদ নেই; আইসিসিও, সিসিও নেই। চিকিৎসকদের আবাসনব্যবস্থা নেই। হাসপাতালে চিকিৎসকদের সভা করার কক্ষ নেই। এমনকি, চিকিৎসদের বসার সংকটও রয়েছে।জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও খুলনা সিভিল সার্জন মো. গোলাম মোর্তুজা শিকদার হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল-সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, লোকবলের সংকটে চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। ১৫০ শয্যার হাসপাতাল হিসেবে যে পদ থাকার কথা, সেগুলো নেই। এখানে কার্ডিওলোজি বিভাগ থাকা উচিত ছিল। এক্স-রে যন্ত্র তিনটি খারাপ হয়ে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কয়েকবার জানানো হয়েছে। এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের যন্ত্রপাতি নেই। যা আছে, তা চলে না। যেসব ভবন অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেগুলো অপসারণ না করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।