ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম, ইসিজিসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। একমাত্র এক্স-রে মেশিনটিও সাড়ে চার বছর ধরে নষ্ট।একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি থাকলেও হাসপাতপালে ভর্তি হওয়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্য জায়গায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।ফলে রোগীরা হাসপাতালে শুয়ে থাকার জন্য বিছানাটুকু ছাড়া আর কোনো সেবাই পাচ্ছে না। তাদের প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ খরচ করে বাইরে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভা এবং ১০টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষের জন্য একমাত্র হাসপাতাল এটি। ২০১০ সালে এটি ৫০ শয্যা করা হয়। ৫০ শয্যার জন্য ভৌত অবকাঠামোর উন্নতি করা হলেও জনবল বাড়ানো হয়নি। সেই সঙ্গে আলট্রাসনোগ্রাম ও ইসিজিসহ চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও বসানো হয়নি। এ ছাড়া ২০০৮ সালের ১১ জুলাই এক্স-রে মেশিনটি অচল হয়ে যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ নতুন এক্স-রে মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জামের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি দেওয়া দিলেও কোনো ফল হয়নি।ভরনিয়া গ্রামের মো. স্বপন নামের এক রোগী বলেন, গত বৃহস্পতিবার তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়েছে। এতে তাঁর অনেক টাকা খরচ হয়েছে। তিনি অভিযোগ করেন, হাসপাতাল থেকে রোগীরা কোনো সেবাই পাচ্ছে না। সবকিছুর জন্যই রোগীদের বাইরে যেতে হচ্ছে। হাসপাতালে একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি থাকলেও বেশির ভাগ রোগীই সেখানে রক্ত, মলমূত্রসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। রোগী ও তাদের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, তাদের অন্যত্র পরীক্ষা-নিরক্ষাির জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।এক রোগীর আত্মীয় সুবেন্দু রায় বলেন, ‘আরএমও সাহেব প্রেসক্রিপশন করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালের দুজন কর্মচারী এসে ওই কাগজটা হাতে নিয়ে বীথি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষাগুলো করাতে বলেন, সেখানে নাকি ভালোভাবে পরীক্ষা করা হয়।’ অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (প্যথলজি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা কোনো প্রভাব খাটাই না, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থাকলে পরীক্ষার জন্য রোগী সেখানে যাবেই।’সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এত বড় স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিনটি খুবই জরুরি। তা ছাড়া আধুনিক চিকিৎসার জন্য আলট্রাসনোগ্রাম এবং ইসিজি মেশিনও নেই এখানে। এসব যন্ত্রপাতির জন্য ২০০৯ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগার, ভান্ডার ও সরবরাহ (সিএমএসডি) পরিচালকের কাছে ছয়বার চিঠি দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সাড়া মেলেনি।