প্রয়োজনে অর্থমন্ত্রীর সঙ্গে যুদ্ধ করবেন নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াতে প্রয়োজনে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে যুদ্ধ করবেন। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় নাসিম এ কথা বলেন।

স্বাস্থ্য খাতে সম্পদের পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় পরামর্শ সভায় মো. নাসিম বলেন, অনেক অপ্রয়োজনীয় খাতে বাজেটে বেশি বরাদ্দ দেওয়া হয়। গ্রামে হাসপাতাল তৈরিতে কোটি টাকা প্রয়োজন। চিকিত্সকদের গ্রামে রাখতে প্রণোদনা দেওয়া দরকার। প্রয়োজনে আমি অর্থমন্ত্রীর সঙ্গে যুদ্ধ করব বাজেটে বরাদ্দ বাড়ানোর জন্য।’

তবে মো. নাসিম আরও বলেছেন, ‘আয়তনে ছোট কিন্তু জনবহুল অনেক দেশ স্বল্প সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরেছে। বাংলাদেশেও শৃঙ্খলাবোধের মধ্য দিয়ে আন্তরিকতার সঙ্গে দরিদ্র মানুষকে সেবা দিতে হবে।’

আজকের কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ‘চাহিদা’র বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এক উপস্থাপনায় তিনি দেখান, পার্শ্ববর্তী প্রায় সবকটি দেশের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ সবচেয়ে কম, মাথাপিছু মাত্র ২৭ ডলার। বাংলাদেশে চিকিত্সা সেবা পেতে ৬৪ শতাংশ খরচ রোগী বা তার স্বজনকে বহন করতে হয়। প্রায় ১৫ শতাংশ মানুষকে জমিজমা বেচতে হয় চিকিত্সা করাতে গিয়ে। এসব কারণ বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো উচিত বলে তিনি উল্লেখ করেন।

সাবেক সচিব এম এম রেজা বলেন, মাঠ পর্যায় থেকে পরিকল্পনা নিয়ে বাজেট বরাদ্দ দেওয়ার একটা পদ্ধতি চালু হয়েছে বেশ কয়েক বছর আগে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ দেওয়া হচ্ছে না। আবার বরাদ্দ করা অর্থ ঠিকমতো খরচ করার যোগ্যতা কর্মকর্তাদের আছে কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।’

কমিউনিটি হাসপাতাল প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস বলেন, প্রকল্পের নকশা করার সময় যে বরাদ্দ দেওয়ার কথা থাকে, তা-ই পাওয়া যায় না। কিন্তু বরাদ্দ করা অর্থ খরচ করতে না পারার অভিযোগ ওঠে। সরকারের অগ্রাধিকার প্রকল্পের একটি হলো কমিউনিটি ক্লিনিক। এই প্রকল্পে কয়েক মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না।

বিশ্বব্যাংকের কর্মকর্তা বুশরা আলম বলেন, রাজস্ব খাত থেকে স্বাস্থ্য যে বরাদ্দ পায় তার ৬০ ভাগ কর্মকর্তা-কমচারীদের বেতন দিতেই শেষ হয়ে যায়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ৪০ ভাগ অর্থের ব্যবহার নিয়ে একটি পরিকল্পনা করেছে। উন্নয়ন বাজেট থেকেও একই রকম পরিকল্পনা করা প্রয়োজন।

মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মধ্যেও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

কর্মশালা শেষে স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে প্রথম, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দ্বিতীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়।