প্রয়োজনে আইন করে বখাটে-সন্ত্রাসীদের দমন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে যারা মেয়েদের উত্ত্যক্ত করে, তারা শুধু বখাটে নয়, সন্ত্রাসীও বটে। প্রয়োজনে নতুন আইন করে এই বখাটেদের দমন করা হবে। গতকাল শনিবার ‘উচ্চমাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচিতি এবং নারী শিক্ষা বিস্তার ও গুণগত মানসম্মত শিক্ষা অর্জন’ শীর্ষক পরিচিতিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সকাল ১০টায় সিলেটের জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চমাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. আবুয়াল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. সিরাজুল হক। সকাল সাড়ে নয়টায় সিলেট সার্কিট হাউসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রতিনিধিদলের সদস্যরা দ্রুত শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের দেড় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। শিক্ষামন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন শিক্ষানীতি উপস্থাপন করা হবে।