প্রয়োজনে আদালতে যেতে প্রস্তুত আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশের প্রতিনিধিরা বলেছেন, বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান পুনর্বিবেচনা করা না হলে এ বিধানের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিনিধিরা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক রওশন জাহান পারভীন। তিনি বলেন, ‘আমরা প্রয়োজনে আদালতে যেতে প্রস্তুত আছি। আইনটির বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির কাজও চালিয়ে যাব।’

দ্য হাঙ্গার প্রজেক্টের দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, নাগরিক সমাজসহ আরও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শুরু থেকেই আইনটির বিশেষ বিধান বিষয়ে আপত্তি করলেও সরকার নিজের সিদ্ধান্তে অটল ছিল। সমস্ত মতামতকে অগ্রাহ্য করে শেষ পর্যন্ত আইনটি পাস করে। আইনে এমন একটি বিধান রাখার যৌক্তিকতা এখনো অস্পষ্ট। এর ফলাফল সমাজকে ভোগ করতে হবে।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস সহিদ মাহমুদ বলেন, ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে ছেলে ও মেয়ের বিয়ের বয়স সুনির্দিষ্ট ছিল। বিশেষ বিধানসহ বর্তমান আইনটির সঙ্গে তুলনা করলে আগের আইনটি বেশি যুগোপযোগী ছিল। বর্তমানে আইনে বিশেষ কারণের অজুহাতে ১০ বছরের শিশুকেও বিয়ে দেওয়া যাবে।

গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন মহলের আপত্তির মুখে বিশেষ প্রেক্ষাপটে কম বয়সে ছেলেমেয়েদের বিয়ের বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয়েছে। বিজ্ঞপ্তি