প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জঙ্গিদের বিচার
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জঙ্গিদের বিচার করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবারে পরিবেশিত খাবারের ব্যবস্থাপনা দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই খাবারের আয়োজন করা হয়।
সেখানে আইনমন্ত্রী বলেন, জঙ্গি ও জঙ্গিবাদীদের বিচারের জন্য বাংলাদেশে যথেষ্ট আইন আছে। তাদের বিচারের জন্য নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন হবে না। তিনি জানান, যারা এসব অপরাধে অপরাধী, তাদের দেশে বিদ্যমান আইন যেমন সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোড অনুযায়ী বিচার করা হবে। জঙ্গিদের বিচারের ব্যাপারে বিশেষ ব্যবস্থা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে বলেও তিনি জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কানাডা ও যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কানাডার আইন অনুসারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে জটিলতা বেশি। তারা বাংলাদেশকে সাজা কমানোর বিষয়ে বলেছিল। কিন্তু সর্বোচ্চ আদালতের রায় কমানো যায় না বলে সরকারের পক্ষ থেকে কানাডাকে জানানো হয়েছে। এখন তাদের সঙ্গে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীর বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাঁকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।
এ ছাড়া আজ সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া খুনিদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের আইনি প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর না করা পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।