হাইকোর্ট বলেছেন, ব্লগার রাজীব হত্যায় গ্রেপ্তার নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পাঁচ শিক্ষার্থীর এবং জব্দ করা আলামতের ডিএনএ পরীক্ষা অবশ্যই করাতে হবে। ডিএনএ পরীক্ষা সময়সাপেক্ষ বলে তা অবিলম্বে করতে হবে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্টের বেঞ্চ সংবাদপত্রে প্রকাশিত ডিবির এক উপকমিশনারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন।সহকারী অ্যাটর্নি জেনারেল মিয়া সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ব্লগার রাজীবের লাশ উদ্ধারের সময় তাঁর হাতের মুঠোয় কিছু চুল পাওয়া যায়। গতকাল একটি দৈনিককে ডিবির এক উপকমিশনার বলেছেন, প্রয়োজনে রিমান্ডের পাঁচ আসামিরও ডিএনএ পরীক্ষা করা হবে। এ বক্তব্যের বিষয়ে আদালত বলেছেন, “প্রয়োজনে কেন? অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে।” ছোরাসহ জব্দ করা সব আলামতেও কারও ডিএনএ পাওয়া যায় কি না, তা পরীক্ষা করতে বলেছেন আদালত। এ বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে জানানো হয়েছে।’গত বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘সন্ত্রাসী উৎপাদনের ক্ষেত্র’—এমন অভিযোগের সত্যতা যাচাইয়ের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন একই বেঞ্চ। এনএসইউর পাঁচ ছাত্র রাজীবকে খুন করতে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য চারটি মুঠোফোন সেট ও সিমকার্ড যেসব দোকান থেকে কিনেছেন, ডিবি পুলিশ সেই দোকানগুলো শনাক্ত করেছে। ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাঁচ তরুণের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মালিবাগের একটি দোকানে অভিযান চালিয়ে চারটি মুঠোফোন সেট বিক্রির রসিদ ও বারিধারার একটি দোকান থেকে চারটি সিমকার্ড কেনার রসিদ উদ্ধার হয়। উপকমিশনার নজরুল ইসলাম বলেন, সিমকার্ডগুলো অনিবন্ধিত ছিল। এনএসইউতে তদন্ত কমিটি: এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ইমদাদুল হককে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, জঙ্গি তৎপরতার যে অভিযোগ উঠেছে, কমিটি তার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। গত ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরের নিজ বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, জামায়াত-শিবিরসহ অনেকে তাঁর বিরুদ্ধে ইসলাম ধর্মের অবমাননা করে ব্লগে লেখালেখির অভিযোগ তুলেছেন। রাজীব একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গঠিত গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।