সুষ্ঠু নির্বাচনের স্বার্থে টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনে রাত নয়টার পর থেকে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) এম সাখাওয়াত হোসেন। গতকাল রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এ নির্দেশ দেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা যদি মনে করি, কোনো কেন্দ্রে কেউ প্রভাবিত করছে তবে সে কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেব।’ ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যে প্রভাব আছে নির্বাচনে তা বিস্তারের চেষ্টা করবেন না। আপনাদের কারণে সরকার এবং আপনাদের নেতা-নেত্রীদের বদনাম হতে পারে। নির্বাচনী আচরণবিধি মেনে চলুন। ফাঁকফোকর খুঁজবেন না।’ মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান, জেলার নয়টি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, টাঙ্গাইল পৌরসভার সব মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় গোপালপুর ও মধুপুর পৌরসভার বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী যথাক্রমে জাহাঙ্গীর আলম ও সরকার শহিদ অভিযোগ করেন, তাঁদের প্রচার-প্রচারণায় ক্ষমতাসীন দলের সমর্থক প্রার্থীর লোকজন বাধা দিচ্ছেন। তাঁরা ওই দুটি পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। তাঁদের অভিযোগের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা যত্রতত্র সেনা দেওয়ার পক্ষে নই। পুলিশ, র্যাব ও আনসারের ওপর ভরসা না থাকলে তবে ফেরেস্তা ছাড়া কেউ আপনার নির্বাচন সুষ্ঠু করতে পারবে না।’