
দ্রুততম সময়ে শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া নিশ্চিত করতে প্রয়োজনে প্রচলিত শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, ৫০ হাজার কিংবা ১ লাখ টাকা ক্ষতিপূরণের জন্য আহত শ্রমিকদের দিনের পার দিন ঘুরতে হয় এটি কাম্য নয়।
আজ শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ২০১৬ সাল থেকে সরকার জাতীয়ভাবে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্যাপন করছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘শোভন কর্মপরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আদালতে শ্রমিকেরা সহজে বিচার পান না। ১ লাখ টাকা ক্ষতিপূরণ পেতে কয়েক বছর সময় লেগে যায়। দিনের পর দিন আদালতে ঘুরতে হয়। সংক্ষিপ্ত সময়ে যাতে শ্রমিকেরা ক্ষতিপূরণ পান, সে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে শ্রম আইন সংশোধন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সংবিধানের ১৪ অনুচ্ছেদে শ্রমিকদের সুরক্ষার কথা বলা হয়েছে। ২০০৯ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ১ হাজার ৬০০ টাকা। সেটি এখন ৫ হাজার ৩০০ টাকা। প্রতিবছর এই মজুরি ৫ শতাংশ হারে বাড়ানোর আলোচনা চলছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, কোনো মালিক চান না শ্রমিক আহত বা নিহত হোক। রানা প্লাজা ধস ছিল অনেকটা ‘ওয়েক আপ কল’ বা জেগে ওঠার ডাকের মতো। গত তিন বছরে গার্মেন্টস খাতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যেসব কারখানায় শ্রমিকদের জীবন ঝুঁকিপূর্ণ থাকবে তাদের ব্যবসা করতে দেওয়া হবে না।
শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক মো. সামছুজ্জামান ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।