প্রয়োজনের এক দিনও বেশি ক্ষমতায় থাকব না: ফখরুদ্দীন
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মার্কিন সরকারকে আশ্বস্ত করে বলেছিলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যত দিন প্রয়োজন, তার চেয়ে এক দিনও বেশি ক্ষমতায় থাকবেন না তাঁরা। তিনি আরও বলেন, এক/এগারোর পরিবর্তনের ‘কোনো বিকল্প’ ছিল না।উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তারবার্তা অনুযায়ী, ২০০৭ সালের ২৯ জানুয়ারি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে এ কথা বলেছিলেন ফখরুদ্দীন আহমদ।তারবার্তায় বলা হয়, মরিয়ার্টি বলেছিলেন, জরুরি অবস্থা ঘোষণা, গণমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে তিনি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।ফখরুদ্দীন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। মানুষ এমন নির্বাচন চায় না, যার মাধ্যমে আবার প্রচলিত রাজনীতি ফিরে আসে। প্রধান উপদেষ্টা বলেন, তাঁর সরকারের আরেকটি লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। কেননা, এটি ছাড়া রাজনৈতিক সংস্কার অগ্রসর হবে না।মরিয়ার্টিকে ফখরুদ্দীন বলেন, ‘আপনারা আমাদের সমর্থন করলে আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন উপহার দেব।’ সরকারের তরফে কিছু বাড়াবাড়ি হয়ে থাকতে পারে বলে তিনি স্বীকার করেন। তবে তিনি বলেন, তাঁরা কী ব্যবস্থা নিয়েছেন, সেটাও বিবেচনা করা উচিত। এ ব্যাপারে উদাহরণ দিতে গিয়ে থানায় একজনকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানোর ছবি সংবাদপত্রে ছাপা হওয়ার কথাও তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিবকে পদক্ষেপ নিতে বলেন। তাৎক্ষণিকভাবে ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত এবং তদন্ত শুরু করা হয়।ফখরুদ্দীন আহমদ গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলেন। কিন্তু এ-ও বলেন যে জরুরি অবস্থায় সরকারি কাজের প্রতি গণমাধ্যমের সমর্থন জানানোটাও গুরুত্বপূর্ণ।