
শিল্প-কারখানার প্লট বরাদ্দ পেতে সারা দেশে রীতিমতো প্রতিযোগিতায় নামেন উদ্যোক্তারা। কিন্তু খাগড়াছড়িতে উল্টো চিত্র। গত ছয় বছরে পাঁচবার দরখাস্ত আহ্বান করেও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) খাগড়াছড়ি শিল্পনগরে কারখানা স্থাপনে উদ্যোক্তাদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। ৭১টি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে ১৬টি। তাও প্রতিষ্ঠান গড়ে উঠেছে মাত্র চারটি প্লটে।
খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি সুদর্শন দত্ত প্রথম আলোকে বলেন, শিল্পনগরে বিদ্যুৎসংকট রয়েছে। লো-ভোল্টেজের কারণে কারখানা চালু রাখা যায় না। তা ছাড়া ফেনী-খাগড়াছড়ি সড়ক সংস্কার করা দরকার। এই সড়ক দিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ রয়েছে। সড়কটি সংস্কার করে চওড়া করা গেলে খাগড়াছড়ির বাইরে থেকেও অনেক উদ্যোক্তা এখানে বিনিয়োগ করবে।
বিসিকের খাগড়াছড়ি শিল্প সহায়ক কেন্দ্র কার্যালয় থেকে জানা যায়, ১৯৮৫ সালে সরকার খাগড়াছড়িতে বিসিক শিল্পনগর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে। ১৯৮৯ সালে ১০ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৯ সালে উন্নয়নকাজ শুরু হয়ে শেষ হয় ২০০৭ সালের ৩০ জুন। ২০১১ সাল থেকে ৭১টি প্লট বরাদ্দ শুরু হয়। এ পর্যন্ত পাঁচবার দরখাস্ত আহ্বান করা হয়েছে। এর মধ্যে ২০১১ সালে ছয়টি, ২০১২ সালে চারটি, ২০১৩ সালে তিনটি, ২০১৫ সালে একটি ও ২০১৬ সালে তিনটি প্লট উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি সদরের জিরো মাইল এলাকায় বিসিক শিল্পনগর সাইনবোর্ড দেওয়া দোতলা একটি কার্যালয় রয়েছে। সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। শিল্পনগরে ঢুকে এক উদ্যোক্তার কনফিডেন্স মিনারেল ওয়াটার ও কাফি উইভিং নামে দুটি কারখানা চালু অবস্থায় দেখা যায়। একটি চেঙ্গী ব্র্যান্ডের মিনারেল ওয়াটার ও আরেকটিতে শাড়ি-গামছা তৈরি হয়। এ ছাড়া কর্ণফুলী পাম ওয়েল নামের একটি কারখানায় যন্ত্রপাতি স্থাপন করা হলেও উৎপাদন শুরু হয়নি। আজিজ ফ্লাওয়ার মিল নামের আরেকটি কারখানায় যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। বরাদ্দ দেওয়া আর কোনো প্লটে অবকাঠামোই হয়নি। খালি পড়ে আছে।
কনফিডেন্স মিনারেল ওয়াটার ও কাফি উইভিং কারখানার ব্যবস্থাপক শাক্যশিং চাকমা বলেন, বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে জেনারেটরের মাধ্যমে পণ্য উৎপাদন করতে হচ্ছে। জেনারেটর দিয়ে কারখানা চালু রেখে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়ার আবেদন করলেও বন্ধ করা হচ্ছে না। উল্টো প্রতি মাসে ২২ হাজার টাকা বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে।

জানা গেছে, জিরো মাইল এলাকার বিসিক শিল্পনগর কার্যালয়ে কর্মকর্তারা বসেন না। তাঁরা অফিস করেন দুই কিলোমিটার দূরে আদালত সড়কের বিসিক শিল্প সহায়ক কেন্দ্র কার্যালয়ে।
খাগড়াছড়ি বিসিক শিল্পনগরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাদেকুর রহমান জানান, বিদ্যুৎসংকটের কারণে প্লট নিতে উদ্যোক্তাদের আগ্রহ কম। এ পর্যন্ত বিদ্যুৎ বিভাগকে পাঁচবার চিঠি দিয়েও ফল মেলেনি।
এ ব্যাপারে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ‘এই বছরের মধ্যে খাগড়াছড়ি পাওয়ার গ্রিড স্টেশনের কাজ শেষ হবে। আশা করি, আগামী বছর বিদ্যুতের সমস্যা কেটে যাবে।’
এদিকে প্লট বরাদ্দ পাওয়া উদ্যোক্তাদের কয়েকজন ঋণ না পাওয়ায় কারখানা চালু করতে পারেননি বলে জানান। তাঁদের একজন নারী উদ্যোক্তা ও জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা। তিনি মুঠোফোনে বলেন, ‘ঋণের জন্য ব্যাংকে আবেদন করেছিলাম। কিন্তু কোনো সাড়া পায়নি। ঋণ নিশ্চিত না হলে ব্যবসা শুরু করা সম্ভব হবে না।’ তিনি আরও জানান, মানিকছড়ির সেমুতাং থেকে গ্যাস সরবরাহ লাইন খাগড়াছড়িতে দেওয়া দরকার। তাহলে উদ্যোক্তারা আগ্রহী হবেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বিসিক শিল্পনগর পূর্ণাঙ্গভাবে চালু হলে এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো। অনেক পণ্য প্রক্রিয়াজাতকরণের কাঁচামালও সহজলভ্য এখানে।