গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা সরকারের চলমান প্রকল্পের আওতায় একই সঙ্গে প্লট এবং ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন, তাঁদের যেকোনো একটির বরাদ্দ বাতিল করার সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সাংসদেরা দলীয় নেতা-কর্মীদের প্লট দেওয়ার জন্য যেসব সুপারিশ করেছিলেন, রাজউক কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় বৈঠকে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।প্লট বরাদ্দ সম্পর্কে বৈঠকে মন্ত্রণালয়ের উত্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, বরাদ্দযোগ্য মোট ছয় হাজার ৬০০টি প্লটের বিপরীতে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এক শতাংশ (৬৬টি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের জন্য এক শতাংশ (৬৬টি) প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয়। এ জন্য মন্ত্রণালয় থেকে ৪৩ জনের তালিকা পাওয়া যায়। বরাদ্দ চেয়ে রাজউকের কর্মকর্তাদের আবেদনের সংখ্যা বেশি হওয়ায় মন্ত্রণালয়ের অবশিষ্ট ২৩টি প্লটও রাজউকের জন্য ছেড়ে দেওয়া হয়। বৈঠকে বলা হয়, এ ধরনের বরাদ্দের জন্য রাজউকের কোনো নীতিমালা নেই। এ কারণে বৈঠকে এসব বরাদ্দের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে সরকারি কর্মকর্তারা ভবিষ্যতে কোনোভাবেই একটির বেশি প্লট বা ফ্ল্যাট বরাদ্দ না নিতে পারেন।জানতে চাইলে কমিটির সদস্য আসাদুজ্জামান খান ও জহিরুল হক ভূঁঞা জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের যে ৪৩ জন কর্মকর্তা এবার রাজউকের প্লট বরাদ্দ পেয়েছেন, তাঁদের বেশ কয়েকজন এর আগে গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। প্লট ও ফ্ল্যাট—দুটিই বরাদ্দ পাওয়া এসব কর্মকর্তার যেকোনো একটির বরাদ্দ বাতিলের সুপারিশ করেছে কমিটি। বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, রাজউকের চলমান প্রকল্পের আওতায় নীতিমালা অনুযায়ী সাংসদদের জন্য পূর্বাচলে ৮৩টি এবং উত্তরায় ৭১টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সূত্র জানায়, তবে সাংসদদের অনেকে তাঁদের দলীয় নেতা-কর্মীদেরও প্লট দেওয়ার জন্য সুপারিশ করেছেন। রাজউক ওই সুপারিশ আমলে নেয়নি। সাংসদদের সুপারিশের নথিটি প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে।কমিটি আগের বৈঠকে তেজগাঁও বিমানবন্দরকে হেলিপ্যাড বানানোর যে সুপারিশ করেছিল, সে বিষয়ে গতকালের বৈঠকে আপত্তি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ঢাকায় আরও একটি বিমানবন্দর না হওয়া পর্যন্ত ক্ষেত্রবিশেষে জরুরি অবতরণের জন্য তেজগাঁও বিমানবন্দরের প্রয়োজন রয়েছে।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, নসরুল হামিদ, এনামুল হক ও সাফিয়া খাতুন উপস্থিত ছিলেন।