প্লট জালিয়াতি: রাজউকের ৬ কর্মকর্তাকে দুদকে তলব
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান নুরুল হুদা নিজ ও স্ত্রীর নামে বিধিবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী এসব কর্মকর্তাকে তলব করে রাজউকের বর্তমান চেয়ারম্যান বরাবর আজ বৃহস্পতিবার নোটিশটি পাঠান।
তলবি নোটিশে রাজউকের সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, পরিচালক (এস্টেট) খিজির আহমেদ, উপপরিচালক (এস্টেট ৩) এ কে এম আহসান ইকবাল ভূঁইয়াকে মঙ্গলবার, ২৫ আগস্ট সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। পরদিন বুধবার, ২৬ আগস্ট সকাল ১০টায় হাজির থাকতে বলা হয়েছে, সহকারী পরিচালক (এস্টেট ৩) হাবিবুর রহমান, কানুনগো ও পরবর্তীকালে সহকারী পরিচালক-১ মো. আবু মুসা, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (এস্টেট) মনোয়ারা বেগমকে।
দুদকের দায়িত্বশীল সূত্র তলবি নোটিশের বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছে। অভিযোগের বিষয়ে ওই সূত্রটি জানায়, ক্ষমতার অপব্যবহার করে নুরুল হুদা পূর্বাচল ৯ নম্বর সেক্টরের ১০৩ নম্বর রোডে ১০ কাঠা আয়তনের ১৯ নম্বর প্লট বরাদ্দ নেন। নিয়ম অনুযায়ী স্বামীর নামে সরকারি প্লট থাকলে স্ত্রীর নামে প্লট নেওয়ার কোনো সুযোগ নেই। এরপরও স্ত্রীর নামেও আরেকটি প্লট নেন তিনি।
এ ছাড়া গুলশানের ৯৩ নম্বর রোডের সিইএন (এ) ১৫ /বি আবাসিক প্লটটি নিয়মনীতি না মেনে নিজের একক ক্ষমতা খাটিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দেন তিনি। রাজউকের সবশেষ বোর্ড সভার সভাপতি হিসেবে নুরুল হুদা গুলশান ও পূর্বাচল প্রকল্পে একাধিক প্লট বরাদ্দ দিয়েছেন। গত বছরের ৩১ মার্চ ওই সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গুলশানের ৭১ নম্বর রাস্তা ও ১৫ নম্বর প্লটটির পূর্ব পাশে পতিত জমি ১ বিঘা ৩ কাঠা ৩ ছটাক ২৫ বর্গফুট প্লটটি কন্টিনেন্টাল হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানকে বরাদ্দের অনুমোদন দেন। উত্তরার ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর রাস্তার ১৮ নম্বর প্লটের ৫ কাঠা আয়তনের অতিরিক্ত আরও ২ কাঠা ৬ ছটাক খণ্ড জমিসহ আরও বেশ কিছু জমি ও প্লটের বরাদ্দ দেওয়া হয়।
এসব প্লট ও খণ্ড জমি বরাদ্দ দিয়ে নুরুল হুদা আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ রয়েছে।