প্লট দখল করে ক্ষমতাসীনদের নামে সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসন সমিতির পাঁচটি প্লট দখলের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এসব প্লটে সাইনবোর্ড টানিয়ে মাহবুবুর রহমান, কায়সারুল হক ও আয়েশা সিরাজকে এর মালিক বলে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, মাহবুবুর রহমান কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। কায়সারুল হক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আয়েশা সিরাজ জেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। কলাতলী পাহাড়ের দক্ষিণ পাশে ২৫ একর জায়গায় ১৯৯৫ সালে চন্দ্রিমা আবাসন সমিতি চালু হয়। গত সোমবার সরেজমিনে জানা যায়, এই সমিতির পাঁচটি প্লট দখল করে পাঁচটি সাইনবোর্ড টানানো হয়েছে। এতে লেখা রয়েছে, ‘খরিদ সূত্রে এই জমির মালিক ১. মাহবুবুর রহমান, ২. কায়সারুল হক জুয়েল, ৩. আয়েশা সিরাজ গং। জমির পরিমাণ ৩.০০ একর। বিএস ২২৮৩৬, ২২৫১৪ দাগের আন্দর’। চন্দ্রিমা আবাসন সমিতির সভাপতি আজিজুর রহমান জানান, ১৯৯৫ সালে সমবায় বিভাগের নিবন্ধন পাওয়া চন্দ্রিমা আবাসন সমিতি ওই সময় ২৫ একর জমি কিনে তাতে ১৭০টি প্লট করে সদস্যদের মধ্যে বরাদ্দ দেয়। প্লটের বরাদ্দ নিয়ে সদস্যরা তা দখলেও রেখেছেন। কিন্তু গত রোববার রাতে কিছু লোকজন পাঁচটি প্লটে (৩১, ৩৯, ৪০, ৪১ ও ৪২) সাইনবোর্ড টানিয়ে দেয়। এসব প্লটের মালিকেরা হলেন সিরাজুল মোস্তফা, হাসিনা মমতাজ, নওশিন আওয়াল, লুৎফুন্নেসা ও সুফিয়া আকতার।সিরাজুল মোস্তফা বলেন, ‘সারা জীবনের কষ্টে অর্জিত টাকায় এই জমি কিনেছিলাম। তা দখলের ঘটনায় আমি মর্মাহত।’ হাসিনা মমতাজ জানান, তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন। প্লট দখল করে সাইনবোর্ড টাঙানো প্রসঙ্গে জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘আমি ওই এলাকায় কিছু জমি কেনার জন্য টাকা বায়না করেছি, তাই সাইনবোর্ড টানিয়েছি। তবে সমিতির প্লটের মধ্যে যদি তা পড়ে, তাহলে ছেড়ে দেব।’ সাইনবোর্ডে ‘ক্রয়সূত্রে জমির মালিকানা’ লেখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার কর্মীরা একটু অতিরিক্ত করে ফেলেছে।’ কায়সারুল হক বলেন, ‘চন্দ্রিমা আবাসন সমিতিতে আমি কোনো জমি কিনিনি। স্থানীয় স্বেচ্ছাসেবক ও যুবলীগের নেতা-কর্মীরা সরকারি খাসজমি নেওয়ার কথা আমাকে জানিয়েছিল। কিন্তু তারা আমাকে না জানিয়ে সাইনবোর্ড টানিয়েছে বলে শুনেছি।’ আয়েশা সিরাজ বলেন, ‘আমি কয়েক দিন ধরে ঢাকায় রয়েছি। তবে শুনেছি সেখানে (চন্দ্রিমায়) আমার নামে জমি কেনার সাইনবোর্ড দেওয়া হয়েছে। আমি হলফ করে বলতে পারি, প্লট দখলের সঙ্গে আমার ও পরিবারের কারও সম্পর্ক নেই।’