সাংসদদের কেউ মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের কাছ থেকে প্লট নিয়ে থাকলে তা বাতিলের সুপারিশ করবে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা।গতকাল সংসদ ভবনে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গোলাম মোস্তফা বলেন, ‘মিডিয়ায় প্রচার হয়েছে, পূর্বাচল এবং উত্তরা প্রকল্পে প্লট নেওয়ার ক্ষেত্রে সাংসদদের অনেকেই মিথ্যা হলফনামা দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। যদি কোনো সাংসদ মিথ্যা হলফনামা দিয়ে থাকেন তবে কমিটি তাঁর বরাদ্দপত্র বাতিলের সুপারিশ করবে। সেই সঙ্গে আমরা এটাও দেখব, মিডিয়ায় প্রচারিত সংবাদ সত্য কি না।’ গোলাম মোস্তফা আরও বলেন, রাজউকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখতে একটি উপকমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কমিটিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে গত দুই বছরে রাজউকের প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে। তিনি জানান, চার সদস্যের কমিটিতে এস কে আবু বাকেরকে আহ্বায়ক এবং টি আই এম ফজলে রাব্বি, ধীরেন্দ্র দেবনাথ ও বজলুল হক হারুনকে সদস্য করা হয়েছে। গতকালের সভায় রাজউককে ওয়ান স্টপ সার্ভিস চালু করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মঈনুদ্দিন খান বাদল, এস কে আবু বাকের, টি আই এম ফজলে রাব্বি, ধীরেন্দ্র দেবনাথ ও বজলুল হক হারুন।