প্লট বরাদ্দ পাওয়াদের তালিকা দেয়নি রাজউক, কমিটির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের নামের তালিকা চেয়ে তা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য সংসদীয় কমিটির সদস্যরা রাজউকের কর্মকাণ্ডের সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করেন।

আজ মঙ্গলবার সংসদ ভবনে গণপূর্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি ১৯৯১ সাল থেকে সর্বশেষ সময় পর্যন্ত বরাদ্দ পাওয়া ব্যক্তিদের নামের তালিকা তাদের আগামী বৈঠকে উপস্থাপন করার জন্য রাজউককে বলেছে।

জানতে চাইলে কমিটির সদস্য আবু জাহির প্রথম আলোকে বলেন, কমিটির আগের বৈঠকে বিভিন্ন সময়ে প্লট বরাদ্দের যথার্থতা যাচাইয়ের জন্য দুটি উপকমিটি গঠন করা হয়েছিল। এ জন্য কমিটি রাজউকের কাছে বরাদ্দ পাওয়ার চূড়ান্ত নামের তালিকা চেয়েছে। কিন্তু তারা তা দেয়নি। তারা ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত কোন শ্রেণিতে কতজনকে বরাদ্দ দেওয়া হয়েছে, সেই সংখ্যা সরবরাহ করেছে। এ নিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করেছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে উত্তরা তৃতীয় প্রকল্পে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সাংসদ কোটায় বিভিন্ন আয়তনের ৮৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বিচারপতি কোটায় ১০টি, মুক্তিযোদ্ধা কোটায় ২৮টি, শিল্পী কোটায় ১৬টি, সাংবাদিক কোটায় ১০টি, ব্যবসায়ী ও শিল্পপতি কোটায় ৪৫টি, বেসরকারি চাকরিজীবী কোটায় ৫৭টি, আইনজীবী কোটায় ১০টি, বৈদেশিক মুদ্রা অর্জনকারীর কোটায় ৫৭টি, সরকারি চাকরিজীবীদের ১৬২টি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবীদের ৬৯টি, সশস্ত্র বাহিনীর সদস্যদের ১২টি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চারটি, রাজউক কর্মকর্তাদের ১৭টি, অন্যান্য কোটায় ২৬টি এবং সংরক্ষিত কোটায় ৫৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া পূর্বাচল প্রকল্পে সশস্ত্র বাহিনীর কোটায় ১১৪টি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবীদের ৬৯২টি, ব্যবসায়ী কোটায় ৪৭২টি, বেসরকারি চাকরিজীবীদের ৫৯১টি, প্রবাসী কোটায় ৫৯১টি, মুক্তিযোদ্ধা কোটায় ২৯৬টি, সরকারি চাকরিজীবীর কোটায় ১ হাজার ৬৩২টি, সচিব কোটায় ২৪টি, আইনজীবী কোটায় ১১০টি, বিচারপতি ২৫টি, সাংসদ কোটায় ১৩৩টি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কোটায় ৫৭টি, অন্যান্য কোটায় ২০৭টি, শিল্পী কোটায় ১৫১টি, সাংবাদিক কোটায় ১২০টি, রাজউক কর্মকর্তাদের ১২১টি, সংরক্ষিত কোটায় ৫১৭টি এবং ক্ষতিগ্রস্তদের ২ হাজার ৫৯৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে রাজধানীর হাতিরঝিলের জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, রাজউকের ক্যাফেটেরিয়া স্থাপন এবং হাতিরঝিলের পানিদূষণ রোধে পানি শোধনাগার স্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ, নুর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশ নেন।