প্লট বরাদ্দের লটারি দুই বছরেও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া হাউজিং এস্টেটের ই ও এফ-ব্লকের প্লট বরাদ্দের লটারির ড্র প্রায় দুই বছরেও হয়নি। এতে পাঁচ হাজার আবেদনকারী দুর্ভোগে পড়েছেন। আবেদনকারীদের প্রায় ১৭ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের জুনে কুষ্টিয়া শহরতলির হাউজিং এলাকায় ই ও এফ-ব্লকের প্লট বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। দুই ব্লকের ১৪৯টি প্লটের বিপরীতে প্রায় সাড়ে পাঁচ হাজার আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে পাঁচ কাঠার রয়েছে একটি, চার কাঠার তিনটি, ২ দশমিক ০৮ কাঠার ছয়টি, আড়াই কাঠার দুটি, সাড়ে তিন কাঠার ১৩৭টি প্লট। পাঁচ কাঠার জন্য ৫০ হাজার টাকা, চার কাঠার জন্য ৪০ হাজার, সাড়ে তিন কাঠার জন্য ৩৫ হাজার ও আড়াই কাঠার জন্য ২৫ হাজার টাকা করে আবেদনকারীদের জমা দিতে হয়েছে। একই বছরের ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা নেওয়া শেষ হয়। সব মিলিয়ে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা জমা হয়। কিন্তু দুই বছর হতে চললেও এসব প্লট বরাদ্দের জন্য কোনো লটারি হয়নি। এসব টাকা বেসিক ব্যাংক রাজশাহী শাখায় জমা আছে।বেসিক ব্যাংক কুষ্টিয়া শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টাকাগুলো বিভিন্ন ব্যাংকে লগ্নি করা হয়। এই টাকার বিপরীতে সরকার দুই বছরে প্রায় চার কোটি টাকা মুনাফা পেয়েছে। দিলারা আকতার নামের একজন আবেদনকারী বলেন, ‘দুই বছর আগে সাড়ে তিন কাঠার প্লটের জন্য ৩৫ হাজার টাকাসহ আবেদন করেছি। আজও কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। কখন লটারি হয় সে জন্য অন্য কোথাও জমিও কিনতে পারছি না।’ জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কুষ্টিয়ার উপবিভাগীয় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুর রহমান বলেন, ‘ভাই, একটু লেখেন, আবেদনকারীদের প্রশ্নে অতিষ্ঠ হয়ে গেছি, কিছুই বলতে পারি না।’ কেন লটারি হচ্ছে না, এ বিষয়ে রাজশাহী ও ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা বলতে পারেন বলে তিনি মন্তব্য করেন।