প্লট বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে (নগর ভবন) অবস্থান ধর্মঘট পালন করেছেন লেকসিটি আবাসন প্রকল্পের প্লটের মালিকেরা। প্রকল্পের জন্য জায়গা ক্রয় ও উন্নয়নকাজ দ্রুত শেষ করার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় তাঁরা দ্রুত প্লট বুঝিয়ে দেওয়ারও দাবি জানান।
পরে করপোরেশনের প্যানেল মেয়রের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর নগর ভবন ত্যাগ করেন তাঁরা।
সিটি করপোরেশন নগরের ফয়’স লেকের পাশে পাহাড়ি এলাকায় এ আবাসন প্রকল্প গড়ে তোলার জন্য ২০০৩ সালে ৩১ একর জমি কেনে। এই আবাসন প্রকল্পে ২০০৬ সালে ৫৪৮টি প্লট বিক্রি করা হয়। কাঠাপ্রতি ছয় লাখ টাকা করে এই প্রকল্পে করপোরেশনের আয় হয়েছিল প্রায় ৮৩ কোটি টাকা। আট বছর পার হলেও এখন পর্যন্ত প্লট বুঝে পাননি কেউই। তাঁরা নিয়মিত করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরে ধরনা দিয়ে আসছেন।
লেকসিটি হাউজিং সোসাইটি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফাজ উল্লাহ চৌধুরী বলেন, করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনীসহ কয়েকজন কাউন্সিলর দ্রুত সময়ের মধ্যে প্লট বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রকল্প এলাকার সমস্যা চিহ্নিত করতে ও এর সমাধান খুঁজে বের করতে বুধবার (আজ) সকালে উভয় পক্ষের মধ্যে বৈঠক হবে।
প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী বলেন, ‘প্লটের মালিকেরা মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর অনুরোধে আমরা তাঁদের সঙ্গে কথা বলি। প্লট এলাকার জন্য জায়গা ক্রয় ও উন্নয়নের জন্য আমাদের সময় দেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যেই এই কাজ করব।’