প্লট মালিকদের সঙ্গে আর্মড পুলিশের আবার বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন চক্রেসো কানন আবাসিক এলাকার পশ্চিম প্রান্তের চলাচলের পথ নিয়ে ১২টি প্লটের মালিকদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আবার বিরোধ দেখা দিয়েছে। এই পথের পশ্চিম দিকেই এপিবিএন ৯ ব্যাটালিয়নের সদর দপ্তরের সীমানা শুরু। গতকাল শনিবার ওই রাস্তায় সংস্কারের জন্য ফেলা মাটি সরিয়ে নিয়েছেন এপিবিএনের সদস্যরা। এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বিরোধপূর্ণ ওই জমিটি আদালতের নির্দেশে প্লট মালিকদের ব্যবহার করতে দেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় ওই জমিতে রাস্তা নির্মাণের কোনো সুযোগ নেই।গতকাল সরেজমিনে দেখা গেছে, চক্রেসো কানন আবাসিক এলাকার পশ্চিম প্রান্তে ১২টি প্লটে বসবাসকারী মোট ২৩টি পরিবারের চলাচলের একমাত্র পথটির সামনের কিছু অংশে বড় বড় গর্ত। প্লটের মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে এপিবিএনের সদস্যরা ওই অংশের মাটি সরিয়ে নিয়েছেন। পাশেই এপিবিএনের মালিকানাধীন খালি জমিতে একটি তাঁবু খাটিয়ে পাহারা বসানো হয়েছে। প্লটের মালিক আবু তালেব ও আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘এটাই আমাদের চলাচলের একমাত্র রাস্তা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। গত কয়েক দিনে কিছু বালু ফেলে সংস্কারের চেষ্টা করি। আজ (শনিবার) সকালে এপিবিএনের সদস্যরা এসে মাটি কেটে নেন। আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও ভয়ভীতি দেখান।’ বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, চট্টগ্রাম (চক্রেসো) এই আবাসিক এলাকা গড়ে তুলেছে। এই এলাকায় প্লট সংখ্যা ১৭৩। আবাসিক এলাকার পশ্চিম প্রান্তের ৩৭৫ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রস্থের জমিটি নিয়ে বিরোধের সূত্রপাত ২০১০ সালে। ওই বছরের এপ্রিলে এই অংশের ১২ জন প্লট মালিকের চলাচলের পথে প্রাচীর নির্মাণ করে এপিবিএন। চক্রেসো সমিতির কর্মকর্তাদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সীমানাপ্রাচীরটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর এপিবিএন দেয়াল সরিয়ে নেয়। চক্রেসোর সহকারী সম্পাদক আমীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০১০ সাল থেকে একাধিকবার এপিবিএনের সঙ্গে মিলে জমির মাপজোক করেছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আদালত রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলাচলে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাটি কেটে নিলে কীভাবে লোকজন চলাচল করবে।’ এপিবিএন ৯ ব্যাটালিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশে তাঁদের চলাচলের জন্য ওই জমি ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং সীমানাপ্রাচীরও সরিয়ে নিয়েছি। কিন্তু রাস্তা নির্মাণের কোনো উদ্যোগ তাঁরা নিতে পারেন না। এ-সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়ায় জমিটি এখনো আমাদের।’