প্লটে অনিয়ম, সাবেক পূর্তসচিবের বিরুদ্ধে মামলা
মা, স্ত্রী ও নিজের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মতিঝিল থানায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায় বাদী হয়ে তিনটি পৃথক মামলা করেন।
এর আগে বেলা তিনটার দিকে কমিশনের নিয়মিত সভায় মামলা তিনটি করার অনুমোদন দেয় দুদক কর্তৃপক্ষ।
মামলার এজাহারে বলা হয়েছে, খন্দকার শওকত হোসেন ২০০১ সালে সম্প্রসারিত উত্তরা প্রকল্পে নিজের নামে তিন কাঠার প্লট বরাদ্দ নেন। অনিয়মের মাধ্যমে তিনি তিন কাঠা জমিকে পাঁচ কাঠায় উন্নীত করেন। সেখান থেকে দুই কাঠা জমি তিনি বিক্রি করে দেন। কিন্তু পরে ওই জমি ডেভেলপারকে দেওয়ার সময় পুরো পাঁচ কাঠার আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দেন সাবেক এ সচিব।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, একইভাবে পূর্বাচল প্রকল্পে ২০০৪ সালে শওকত হোসেন তাঁর স্ত্রী আয়েশা খানমের নামে সাড়ে সাত কাঠার প্লট বরাদ্দ নিয়ে প্রথমে ১০ কাঠা এবং পরে ওই জমি সাড়ে ১২ কাঠায় উন্নীত করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা আবাসিক প্রকল্পে অভিনব কায়দায় জালিয়াতি করে তিনি তাঁর মায়ের নামে নিয়েছেন তিন কাঠার প্লট। একই পন্থায় ওই তিন কাঠার প্লটকে আয়তনে বাড়িয়ে পাঁচ কাঠায় উন্নীত করেন তিনি।
দুদকের উপপরিচালক যতন কুমার রায়ের এ অনুসন্ধান তদারকি করেন যথাক্রমে দুদকের পরিচালক আবু তোরাব ও মহাপরিচালক মো. জিয়াউদ্দিন।