দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের প্লাটফর্ম নির্মাণ ও সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ করার অভিযোগে স্থানীয় লোকজন গত ৪ ফেব্রুয়ারি কাজ বন্ধ করে দেন।ফুলবাড়ী রেলস্টেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে গত বছর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের মেঝে ঢালাই, স্টেশন মাস্টারের কক্ষ ও প্লাটফর্মের টিনের ছাউনি সংস্কার, যাত্রীদের বসার জন্য বেঞ্চ এবং ২ নম্বর প্লাটফর্ম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। রাজশাহীর লুলু মিয়া এ কাজ পান। এ কাজের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়।স্থানীয় নজরুল ইসলাম, মতিয়ার রহমান ও সাইদুর রহমান অভিযোগ করেন, ১ নম্বর প্লাটফর্মের মেঝেতে ছয় ইঞ্চি পুরু ঢালাইয়ের বদলে তিন ইঞ্চি দেওয়া হয়েছে। টাইলস বসানোর কাজে আলাদাভাবে সিমেন্ট ব্যবহার করা হয়নি। এ কারণে টাইলস খুলে যাচ্ছে। টিনের ছাউনি সংস্কার না করে শুধু রং করে দেওয়া হয়েছে। ২ নম্বর প্লাটফর্মের নির্মাণকাজে সঠিক পরিমাণে সিমেন্ট দেওয়া হচ্ছে না এবং নিম্নমানের বালু দিয়ে কাজ করা হচ্ছে। ঠিকাদার ও মিস্ত্রিকে বারবার নিষেধ করার পরেও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ কারণে বাধ্য হয়ে গত ৪ ফেব্রুয়ারি সকালে কাজ বন্ধ করে দেওয়া হয়।ঠিকাদারের প্রতিনিধি টুনু মিয়া বলেন, দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে। উনি যেভাবে বলেন, সেইভাবে কাজ করা হয়।কাজ তদারকির দায়িত্ব পাওয়া রেলওয়ে প্রকৌশল দপ্তরের পার্বতীপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, তাঁরা সঠিকভাবে তদারকি করছেন। তার পরও কাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারকে বলে নতুন করে করা হবে।উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘মাটি মেশানো বালু দিয়ে কাজ করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি।’